অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দাপট দেখাচ্ছে ভারত। আজ বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। গোল্ড কোস্টে টস হেরে আগে ব্যাট করে ভারত করেছিল ৮ উইকেটে ১৬৭। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১১৯ রানে। সিরিজে ভারত এখন এগিয়ে ২-১ ব্যবধানে। শনিবার পঞ্চম ম্যাচ জিততে না পারলেও অন্তত সিরিজ হারবে না ভারত।
অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা করেছে ভারত। শিবম দুবেকে নামানো হলো তিন নম্বরে। তিলক বর্মাকে পাঠানো হয় মিডলঅর্ডারে। অক্ষর প্যাটেল নামেন আটে। তারপরও ১৬৭ রানে থামে ভারতের ইনিংস।
ব্যাটারদের ব্যর্থতা অবশ্য ঢেকে দিলেন বোলারেরা। নিয়ন্ত্রিত বোলিং করেছেন অক্ষর প্যাটেল, শিবম দুবেরা। শেষ বেলায় এসে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার একাই শেষ করে দিলেন ওয়াশিংটন সুন্দর।

একটা সময় ৩ উইকেটে ৯১ রান করেছিল অস্ট্রেলিয়া। তবে হঠাৎ ধসে ২৮ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৩০ রান মিচেল মার্শের। ম্যাথু শর্ট ২৫ আর মার্কাস স্টোইনিস করেছেন ১৭। ৩ রানে ৩ উইকেট ওয়াশিংটন সুন্দরের। ২টি করে উইকেট অক্ষর প্যাটেল ও শিবম দুবের।
এর আগে ভারতের হয়ে শুবমান গিল ৩৯ বলে ৪৬, অভিষেক শর্মা ২১ বলে ২৮, শিবম দুবে ১৮ বলে ২২ আর সূর্যকুমার যাদব খেলেন ১০ বলে ২০। শেষ দিকে অক্ষর প্যাটেল ১১ বলে অপরাজিত থাকেন ২১ রানে। ৩টি করে উইকেট অ্যাডাম জাম্পা ও নাথান এলিসের।



