Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিয়ের হই হল্লার পর ‘ডিটক্স বার’ করবে সতেজ

বিয়ের হইহল্লার পর ‘ডিটক্স বার’ করবে সতেজ
ছবি: ওয়েড মি গুড ডট কম
[publishpress_authors_box]

ওয়েডিং প্ল্যানার এবং আধুনিক যুগলরা বিয়েবাড়ির উল্লাস শেষে সকালে তরতাজা বোধ করতে নতুন উপায়ের দিকে ঝুঁকছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, ভারতের বিয়েতে আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে ডিটক্স বার এবং আইভি ড্রিপস বা ইন্ট্রাভেনাস থেরাপি।

রাতভর অনুষ্ঠানে মাতামাতি করলে সকালে গা ম্যাজ ম্যাজ করবেই। অনেকের গলা বসে যায় এবং মাথা ধরে আসে। এসবের সঙ্গে ঘুমে চোখ ঢুলুঢুলু দেখাতে পারে আরও দুয়েক দিন। এই সব অস্বস্তি নিমিষেই কেটে যাবে তাজা জুস চুমুক দিয়ে পান করতেই।

এখন এমন পুষ্টিকর জুস পাওয়া যাবে বিয়ের খাবারদাবারের সঙ্গেও। ভারতের বিয়েতে এমনিতেই দশাসই আয়োজন হয়। ধনীদের বিয়ের খাবারে থাকে বিশেষ বৈচিত্র্য। এর সঙ্গে এখন যোগ হচ্ছে ডিটক্স কর্নার।

“ভারতীয় বিয়ের আসর মানেই ধুমধাড়াক্কা মজা হবে। এতে আজকাল নতুন ধারা দেখা যাচ্ছে।”

“অর্থ্যাৎ মানুষ হইচই এবং সুস্থ শরীর-মনের মাঝে একটা ভারসাম্য আনতে চাইছে। ডিটক্স বার এরই উদাহরণ। বিয়েতে এমন একটি কর্নার দেখলে অতিথিরা তাদের প্রতি আয়োজকের আন্তরিকতা টের পাচ্ছে”, বললেন রেশমা রাইয়াহ; যিনি ইউএস অপারেশস বিলাসবহুল বিয়ের আয়োজক রেশ অ্যান্ড কো প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা, পরিচালক এবং ব্যবসায়িক অংশীদার।

কী পাওয়া যায় ডিটক্স বারে?

এর উত্তর দিলেন নর্থ ইইএমএ (ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া) প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট এবং ওকেশন এক্সপার্ট প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা রুচিন কোহলি।

“ডেস্টিনেশন ওয়েডিং আয়োজনে ডিটক্স বার সবার জন্য জরুরি হয়ে ওঠে। এ ধরনের বিয়ে নানা পর্ব এবং নানা রকম পানীয় থাকে। এসবের প্রভাব থেকে শরীর ও মনকে তাজা করতে ডিটক্স বার হলো স্বস্তির অপর নাম।”

একটি শৈল্পিক ডিটক্স বার সাধারণত ফল, সবজি, সবুজ উদ্ভিদ এবং নান্দনিক দিক নির্দেশনা দিয়ে সাজানো হয়। এখানে এসে এবং বসে চারদিকে তাকিয়ে দেখাও আরামদায়ক। বলা যেতে পারে, বিয়ের আসরে এই কোনাটি একেবারে ইনস্টাগ্রামে ছবি-রিল দেয়ার উপযোগী জায়গা।

ডিটক্স বারে কোনো কিছুই গুরুপাক থাকে না। বরং এখানে কিছু খাওয়া বা পান করা মানে তৃপ্তিদায়ক অনুভূতি উপভোগ করা।

“এখানে ফল ও ভেষজ মেশানো পানীয়, ইলেকট্রোলাইটস পানীয় থাকে। চাইলে ফ্লেভার মেশানোও যাবে। এসব পানীয় শরীরে পানির ঘাটতি পূরণ করে। আপেল সাইডার ভিনেগার এবং ক্লোরোফিল পানীয়তে এক চুমুক দিয়ে অনেকেই নিজেতে ঝরঝরে বোধ করে।”

কোনো কোনো বিলাসবহুল বিয়ের আসরে আবার গোলাপ ও ল্যাভেন্ডার মেশানো চা রাখা হয়; নয়তো স্মুদি রাখা থাকে। ডিটক্স বার বসানোর উদ্দেশ্যই হলো, অতিথিরা এখানে এসে আয়েশী ভঙ্গিতে নিজের ক্লান্তি দূর করবে।

রুচিন কোহলি বললেন, ”এসব পানীয় বিয়েতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি করপোরেট অনুষ্ঠানেও এখন এমন আয়োজন রাখা হচ্ছে; যেন পরদিন কারো মধ্যে অনুষ্ঠান শেষের গা ম্যাজ ম্যাজ অনুভূতি না থাকে।”

বিয়ের আসরের সঙ্গে মিল রেখে ডিটক্স বার সাজানো যেতে পারে।

রেশমার পরামর্শ হলো, “একটি ডিটক্স বার দেখতে যেন ভালো লাগে মনে। একবার ভেবে দেখুন, তাজা ফল, টাটকা পানীয় এবং হয়তো কিছু ফুল ও সবুজ এসবের সঙ্গে বেঁধে দেয়া হলো। পানীয়তে অবশ্যই বৈচিত্র্য থাকবে। নানা রকম ফলের জুস, পানি থাকবে আগ্রহী অতিথিদের জন্য।”

অতিথিদের আনন্দ দিতে এই ডিটক্স বার নিয়ে আরেকটু নিরীক্ষা করা যায়। যেমন- পছন্দের একটি স্মুদি স্টেশন হতে পারে।

শুধু সকালে নয়, রাতভর পার্টি চলাকালেও চালু থাকতে পারে এই কর্নার।

কোহলি বললেন, “ডিটক্স বার থাকায় অতিথিরা ঘুমাতে যাওয়ার আগেও একটি চমৎকার পানীয়তে চুমুক দিতে পারবে।”

ইন্ট্রাভেনাস ড্রিপস কী?

সুস্থতা নিশ্চিতে ইন্ট্রাভেনাস থেরাপিতে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এবং মিনারেল ইনজেকশন দেয়া হয়। এই চর্চা এখন বিয়ের আসরেও চলে এসেছে। কারণ এই আইভি ড্রিপস নেওয়ার পর চেহারায় চট করে উজ্জ্বলতা চলে আসে এবং নিজেকে প্রাণবন্ত মনে হয়।

অ্যালানা পান্ডে একজন ইনফ্লুয়েন্সার। বন্ধুদের সঙ্গে নিজের বিয়ে ব্যাচেলপার্টিতে এই ব্যবস্থা রেখেছিলেন তিনি। মেহেদি পরার দিন অ্যালানা পান্ডে নিজেও এই আইভি ড্রিপ নিয়েছিলেন।

বিয়ের অনুষ্ঠান আয়োজকরা আজকাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করে নিচ্ছে। এভাবে সেবাদাতা, ইনজেকশন ইত্যাদির পুরো ব্যবস্থা রাখা সম্ভব হচ্ছে বিয়েবাড়িতেও।

“আইভি ড্রিপস এখন বিলাসবহুল বিয়ে ও ডেস্টিনেশন ওয়েডিং আয়োজনের অংশ হয়ে উঠেছে। যে অতিথিরা বিয়েতে বেশি ব্যস্ত থাকেন এবং রাতভর নাচেগানে পার করেন, তাদের আতিথেয়তার বড় উদাহরণ হচ্ছে আইভি ড্রিপস ব্যবস্থা রাখা”, বললেন রেশমা।

তবে অবশ্যই আইভি ড্রিপস সেবা দক্ষ মেডিকেল কর্মীর হাতেই নিতে হবে বলে জানালেন তিনি।

“যদিও সব বিয়েতে বা সবাই এই সেবা নেয়ার সুযোগ করে নিতে পারছে তা নয়। তবে যারা সঠিক ভাবে নিতে পারছে, তাদের জন্য এই আইভি ড্রিপস দারুণ উপকারি হয়ে দেখা দিচ্ছে।”

বিয়েতে তরতাজা থাকা

বিয়ের ব্যস্ততার মধ্যে নিজেকে সুস্থ ও সুন্দর দেখানোর চিন্তা ও চেষ্টা নতুন কিছু নয়। আজকাল এতে খরচের বহর বেড়েছে। ডেস্টিনেশন ওয়েডিং হলে অনেকের অতিথিদের জন্য স্পা রাখেন, শুভেচ্ছা উপহার দেন। এসবের সঙ্গে রাখেন হারবাল চা এবং টাটকা পানীয়। অতিথিদের জন্য আরো থাকে শরীর সুস্থ অনুভব করার ওষুধ; যেন সৈকতের পার্টিতে তাদের মধ্যে উচ্ছ্বাসের কোনো কমতি না হয়।

“সংগীত নাইট অনেকটা সময় ধরে চলে। এরপর তো শরীর মালিশ করার ব্যবস্থাও রাখা হয়। এতে পরদিন সকালে অতিথিরা আরাম বোধ করেন। তারপর আবার হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন”, জানালেন বিয়ের আয়োজক দ্য ডব্লিউ কোড প্রতিষ্ঠানের নন্দিনী শ্রীনিবাসান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found