নিজ বাসভবনেই হামলার শিকার হয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। বুধবার সকালে বাসভবনে গণশুনানি চলাকালে বিজেপির এই নেতাকে চড় মারা হয়। এসময় তার মাথা ও হাতে আঘাত লাগে।
জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য মুখ্যমন্ত্রী প্রতি সপ্তাহে তার বাসভবনে ‘জনশুনাই’ কার্যক্রম করেন। সূত্র বলছে, সেই সময়েই হামলাকারী প্রথমে মুখ্যমন্ত্রীকে চড় মারেন, তারপর তাকে ধাক্কা দেন। এরপর তার চুল টেনে ধরেন, তখন নিরাপত্তারক্ষীরা তাকে আটকে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪০ বছর বয়সী ওই হামলাকারী সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার ‘জনশুনাই’ কার্যক্রমের সময় মুখ্যমন্ত্রীর কাছে যান। কথা বলতে বলতেই হঠাৎ মুখ্যমন্ত্রীর উপর হামলা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়। তাছাড়া সরকারি কর্মচারীর উপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রাথমিক তথ্যে ওই ব্যক্তির নাম রাজেশ সাকরিয়া বলে জানা গেছে, তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা ভানু জানান, রাজেশ খুব কুকুরপ্রেমী। সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া দিল্লি এনসিআর এলাকায় পথকুকুর ধরা ও শেল্টারে পাঠানোর আদেশে বেশ ক্ষুব্ধ ছিলেন রাজেশ।
যদিও দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সাচদেব সাংবাদিকদের বলেন, “জনশুনানি চলাকালে এক ব্যক্তি তার কাছে এগিয়ে এসে কয়েকটা কাগজ তার সামনে রাখেন। এরপরেই ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানার চেষ্টা করে। সেই সময়ে একটু ধাক্কাধাক্কি হয়, তবে তারপরেই ওই ব্যক্তিকে ধরে ফেলা হয়েছে।”
চড় মারার খবর গুজব উল্লেখ করে তিনি বলেন, “এসবই গুজব। সম্ভবত ধাক্কাধাক্কির মধ্যে টেবিলের কোণায় তার মাথা ঠুকে গিয়ে থাকবে। ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানাটানি করছিল।”
বিজেপির নেতা হরিশ খুরানা বলেছেন, “গণশুনানি চলাকালে এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা করছি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা, তা খতিয়ে দেখা উচিত।”
এ হামলাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে মুখ্যমন্ত্রীর কার্যালয়। তারা বলেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলার অন্তত ২৪ ঘণ্টা আগে হামলাকারী মুখ্যমন্ত্রীর বাসার আশেপাশে ঘোরাফেরা করেছে, ভিডিও করেছে এবং পুরো বিষয়টি পরিকল্পনা করে ঘটিয়েছে। সেই ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন রেখা গুপ্ত। তার আগে সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
রেখা গুপ্তর ওপর এমন হামলার ঘটনায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, কংগ্রেসসহ অনেক দলই প্রতিক্রিয়া জানিয়েছে। এ হামলাকে ‘খুবই নিন্দনীয়’ বলেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি পুলিশ কেন মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে পারল না সেই প্রশ্নও তুলেছে বিরোধী দলগুলো।
সূত্র বলছে, নিরাপত্তা ভেদ করার এত বড় ঘটনা কেন ঘটল তা জানতে তদন্ত চলবে। দিল্লির পুলিশ কমিশনার এসবিকে সিং সেই তদন্ত পর্যবেক্ষণ করবেন।
তথ্যসূত্র : এনডিটিভি



