টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জেতার পর এখন হারের বৃত্তে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের পর চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছেও হেরেছে প্রথম টি-টোয়েন্টি। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।
চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হারের পর সংবাদ সম্মেলনে তাওহিদ হৃদয় বলেন, ‘‘এমন না যে আমরা করতে পারি না। ২০০ রান করেছি। ২০০ রান তাড়া করে ম্যাচ জিতেছি। এটা মানসিকতার সমস্যা। যদি মানসিকতা ঠিক থাকে এবং সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে কঠিন হবে না।’’
টানা চার টি-টোয়েন্টি সিরিজ জেতা দলকে হঠাৎ করে খারাপ বলতে চান না হৃদয়, ‘‘দলটা ভালো ছিল। এখনো ভালোই আছে। আমরা কখনো ভাবছি না যে দল ডাউন হয়ে গেছে। আমরা টানা চারটা সিরিজ জিতেছি। একটা–দুইটা সিরিজ বা তিন–চারটা ম্যাচে এমন হতে পারে। টি-টোয়েন্টি খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন জিততে শুরু করব, তখন দেখবেন আবার (জয়) চলতে থাকবে।’’.

হারের পর দলের সমালোচনা নিয়ে অবশ্য আপত্তি নেই হৃদয়ের, ‘‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা স্বাভাবিক। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনারা চাইলে সমালোচনা করতেই পারেন। যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের অধিকার আছে এবং আপনারা করেন। এখান থেকে ২-১টা ইতিবাচক জিনিসও হতে পারে। আমি চাই আপনারা করেন, এখান থেকেও হয়তো ভালো কিছু হতেও পারে। আমি অনুরোধ করব আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করেন। এখান থেকে কিছু ভালো দিক হতেও পারে।’’
শামীম হোসেনের বাদ পড়া নিয়ে সংবাদ সম্মেলনেই নির্বাচকদের এক হাত নিয়েছিলেন লিটন দাস। প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু দিয়েছেন পাল্টা জবাব। তবে বিতর্ক আর বাড়াতে চাননি হৃদয়, ‘‘দল তো ওয়েল সেট। কারণ, আপনি যদি দেখেন সব খেলোয়াড় শেষ এক বছরে অনেকগুলো ম্যাচ খেলেছে। সবাই রোটেশন করে খেলছে। সবাই যদি সুযোগ পায়, অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেক খেলোয়াড় চায় যে সুযোগটা যখনই আসুক, তারা যেন সেটা ভালোভাবে ব্যবহার করতে পারে।’’



