বার্সেলোনা প্রতিষ্ঠিত হয়েছিল ২৯ নভেম্বর। ১২৬ বছর পূর্তির দিনে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন দানি ওলমো, লামিনে ইয়ামাল করেছেন ১ গোল।
চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ খেলায় চেলসির কাছে হারের ক্ষত নিয়ে খেলতে নেমেছিল বাসা। খেলার প্রথম মিনিটেই আলাভেসের পাবলো ইবানেজের গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে কাতালানরা সমতায় ফেরার পর ২৬ মিনিট ও যোগ করা সময়ে গোল করেন দানি ওলমো।
এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এদিকে জোড়া হারের ধাক্কা কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ও লেভারকুসেনের কাছে হারের ধাক্কা তারা কাটিয়েছে প্রিমিয়ার লিগে লিডসকে ৩-২ গোলে হারিয়ে। জোড়া গোল করেছেন ফিল ফোডেন, যার একটি ২-২ সমতায় থাকার পর ম্যাচের যোগ করা সময়ে। অপর গোলটি ইয়োস্কো গাভার্দিওলের।
এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে গার্দিওলার দল। ১৩ ম্যাচে সিটির সংগ্রহ ২৫ পয়েন্ট। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে এবং সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চেলসি তৃতীয় স্থানে। অপর ম্যাচে ফুলহামের কাছে ২-১ গোলে হেরে দশ নম্বরে নেমে গেছে টটেনহাম।
ফ্রেঞ্চ লিগে হোঁচট খেয়েছে গত মৌসুমে ট্রেবল জেতা পিএসজি। মোনাকোর কাছে ১-০ গোলে হেরেছে তারা। ৬৮তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান গড়ে দিয়েছেন তাকুমি মিনামিনো। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে মার্শেই ও লাঁস। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে মোনাকো।
ইতালিয়ানি সিরি ‘এ’তে মিলান ১-০ গোলে হারিয়েছে লাৎসিওকে। আর বুন্দেসলিগায় স্যান্ট পুলিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন।



