গত বছরের মাঝামাঝি থেকে এক নির্ঝর কোলাবরেশন (ইকেএনসি) এর সঙ্গীত উদ্যোগ গানশালা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ৯টি অ্যালবামে সন্নিবেশিত ৬৩টি মৌলিক গানের সংকলন ’যেটা আমাদের নিজের মতোন’।
প্রকাশের এ পর্যায়ে এল বাপ্পা মজুমদারের গাওয়া গান ‘কেন হাতের মুঠোর মধ্যেখানে কলম মৃতদেহ’। আজ সন্ধ্যা ৭ টায় গানশালার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
গানটির সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ কামরুল ইসলাম সুজন। সংকলনের সবগুলো গানের কথা ও সুর দিয়েছেন এনামুল করিম নির্ঝর।
‘যেটা আমাদের নিজের মতোন’ সংকলনটিতে গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, সুজিত মোস্তফা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিৎ, অর্ণব, সোমনুর মনির কোনাল, সভ্যতা, ফারহিন খান জয়িতা সহ ৫৪ জন নবীন ও প্রবীণ শিল্পী।
গানগুলোর সংগীতায়োজন করেছেন ১২ জন তরুণ সঙ্গীত পরিচালক। এই সংকলনে ৯টি অ্যালবামের প্রতিটিতে ৭টি করে গান রয়েছে।
এনামুল করিম নির্ঝর বলেন, ”ব্যক্তিগত মেধা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চা হিসেবে ইকেএনসি বিভিন্ন সৃজনশীল মাধ্যমে তরুণ পেশাজীবীদের নিয়ে নিরলস কাজ করে চলেছে।
”করপোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (সিএসআর) প্রক্রিয়াকে আরো অনুপ্রাণিত করতে ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেস্পন্সিবিলিটির (আইএসআর) মাধ্যমে গানের কথা ও সুরে এটি একটি নিঃস্বার্থ মেধার বিনিয়োগ।”
এই প্রকল্পে সিএসআর ফান্ডের সহায়তা নিয়ে গানশালার সাথে আছে স্বনামধন্য সিটি গ্রুপ।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় এনামুল করিম নির্ঝর তার ’নয় বছরের বড়’ প্রক্রিয়ার অংশ হিসেবে স্থাপত্য, চলচ্চিত্র ও সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল – সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন। সঙ্গীত উদ্যোগের প্রথম প্রয়াস এই মৌলিক গান নির্মাণ প্রকল্প।
‘নয় বছরের বড়’ উদ্যোগের প্রধানতম উদ্দেশ্য বিভিন্ন সৃজনশীল মাধ্যমের পেশাজীবীদের জন্য আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠান গড়ে তোলা।
গানশালা মৌলিক গান নির্মাণের নিয়মিত চর্চা করে যাচ্ছে। যার ভিত গড়তে প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক সামাজিক দায়বদ্ধতাকে ঐক্যবদ্ধ করে চেষ্টা করা হচ্ছে।
এই প্রক্রিয়ার উদ্দেশ্য কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্রী, গীতিকার, সুরকার, শব্দ প্রকৌশলী, সঙ্গীতায়োজক ও প্রযোজকদের জন্য একটি ছাউনি তৈরি করা। যার মাধ্যমে তারা সৎভাবে অর্থ উপার্জন করবে এবং একসময় তারাই এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিবে।



