Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিরিজ বাঁচাতে বাংলাদেশের চাই ১৭১ রান

bd-564
[publishpress_authors_box]

বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডবই শুরু করেছিল আয়ারল্যান্ড। চার-ছক্কার ফুলঝুড়িতে ২০০ ছাড়ানো সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে মাঝের ওভারগুলোতে শেখ মেহেদী হাসানের ঘুরে দাঁড়ানো বোলিং ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে অতদূর যেতে পারেনি আইরিশরা। তাই বলে লক্ষ্যটা সহজ হয়নি। সিরিজ বাঁচাতে বাংলাদেশকে করতে হবে ১৭১ রান।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৭০ রান।

প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করেই দুর্দান্ত জয় তুলে নিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন অধিনায়ক স্টার্লিং ও টিম টেক্টর।

বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে মাত্র ৪.১ ওভারে ৫০ রান জমা করেন স্কোরবোর্ডে। তানজিমের বলে সাইফ হাসানের হাতে দেখার মতো ক্যাচ হয়ে ফেরার আগে স্টার্লিং করেন ১৪ বলে ২৯ রান। ৩ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংস। অধিনায়কের বিদায়ের পর বড় ভাই হ্যারি টেক্টরকে সঙ্গে করে রান এগিয়ে নেন টিম টেক্টর।

তাদের জুটিটা যখন ভয় ছড়াতে শুরু করেছে, সেসময় স্বস্তি ফেরান মেহেদী। এই স্পিনারের বলে স্টাম্পিং হয়ে ২৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৮ রান করে ফিরে যান টিম। ওই ওভারেই ‘বড়’ টেক্টরকেও আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মেহেদী। হ্যারি ১১ বলে করেন ১১ রান।

তবে আইরিশদের রানের চাকা সচল রাখেন লরকান টাকার। শেষ বলে রান আউট হওয়ার আগে ৩২ বলে ৪ বাউন্ডারিতে করে যান দলীয় সর্বোচ্চ ৪১ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ১৮ রান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী। এই স্পিনার ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন তানজিম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে স্বাগতিকরা। একাদশে তিনটি পরিবর্তন এনেছে লিটন দাসের দল।

বাদ পড়েছেন জাকের আলী, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান।

প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন জাকের আলী। বোলিংয়ে খুব একটা ভালো সময় যায়নি শরিফুল ও রিশাদের। দ্বিতীয় ম্যাচে তাদের বসিয়ে অন্যদের দেখে নিতে চাইছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

আয়ারল্যান্ডের একাদশে একটি পরিবর্তন। কার্টিস ক্যাম্ফারের জায়গায় সুযোগ পেয়েছেন বেন কালিটস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডিল্যানি, মার্ক আডিয়ের, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস, জশ লিটল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found