ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতার শর্ত আরও কঠোর করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনও ব্যাংকের এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে হলে ব্যাংকিং পেশায় সক্রিয় কর্মকর্তা হিসেবে অন্তত ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে একক বা উভয়ভাবে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে কারও ১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকলেই এমডি হতে পারতেন। তবে গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এমডি হতে অন্তত ২০ বছরের শর্ত দেওয়া হয়। এখন আরও কঠিন করে তা ২৫ বছর করা হলো।
ব্যাংকিং খাতে পেশাদার, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে আনতেই এই বিধান করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়। পাশাপাশি এমডির আগের পদ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) হিসেবে ৩ বছর চাকরির শর্ত দেওয়া হয়েছে। আগে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল।
নতুন সার্কুলারে বলা হয়, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমানের কর্মকর্তা যারা এমডি নিয়োগের জন্য বিবেচিত হবেন, তাদের ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।



