আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
বুধকার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
এনবিআরসহ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদেরও অপরিহার্য কারণ ছাড়া আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিদেশ সফর পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
“অবশ্য অপরিহার্য কারণে বিদেশ ভ্রমণ করা যাবে।”
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন মাস শেষে দেশে তফসিলি ব্যাংক ছিল ৬১টি। এই ৬১টি ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীর জন্য নির্দেশনা প্রযোজ্য হবে। এর আগেও সময়-সময় ব্যাংকারদের বিদেশ যাত্রার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কখনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আবার তা শিথিলও করা হয়েছে।
এবার নির্বাচনের কারণে এই নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
অপরদিকে এনবিআরসহ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। অপরিহার্য কারণ ছাড়া কোনও কর্মকর্তা–কর্মচারীকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বিদেশ সফর পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি বিদেশ সফর নিয়ে নতুন শর্ত আরোপের নির্দেশনা দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিদেশ সফরের নির্দেশনা পরিপালনের জন্য ওই চিঠি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর মানে হলো, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআরের কর্মকর্তারা অপরিহার্য কারণ ছাড়া বিদেশে যেতে পারবেন না।
বর্তমানে এনবিআরসহ অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) কয়েক হাজার কর্মকর্তা–কর্মচারী কাজ করেন।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইআরডির সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশে ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করা হলো।
অপরিহার্য কারণ বলতে যেসব কারণ বোঝানো হয়, তার মধ্যে মূল কারণগুলো হলো চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি।



