শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি। হারা দলের ১০ জন বদলে চ্যাম্পিয়নস লিগে লেভারকুসেনের বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন পেপ গার্দিওলা! এত পরিবর্তন নিয়ে আর ছন্দে খেলতে পারেনি সিটি। ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন।
২৩ মিনিটে ক্রিস্টিয়ান কোফানের পাস থেকে লেভারকুসেনকে প্রথম গোলটি এনে দেন অধিনায়ক আলেহান্দ্রো গ্রিমালদো। ৫৪ মিনিটে ইব্রাহিম মাজার নিখুঁত ক্রস থেকে হেডে দ্বিতীয় গোলটি প্যাট্রিক শিকের।
সিটি কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে এটা ছিল গার্দিওলার ১০০তম ম্যাচ। স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারের পর কোনো ইংলিশ ক্লাবের তৃতীয় কোচ হিসেবে এই কীর্তি গড়লেন গার্দিওলা।

মাইলফলকের এ ম্যাচে হারের দায় নিজের কাঁধে তুলে নিয়ে গার্দিওলা বললেন, ‘‘সব দায় আমার। আমি এখনো মনে করি, একাদশের হয়ে নামা খেলোয়াড়েরা অসাধারণ। তবে আমাদের এমন কিছু ছিল না, যেটা শীর্ষ পর্যায়ে প্রয়োজন হয়।’’
একাদশে দশটা পরিবর্তন নিয়ে বললেন, ‘‘জিতলে সমস্যা হতো না। তাই এটা মেনে নিতে হবে যে হারের কারণ বোধ হয় অনেকগুলো পরিবর্তন। দুই-তিন দিন পরপর খেলতে হলে পরিবর্তন করতে হয়। জীবনে প্রথম ১০টি পরিবর্তন করলাম এবং একটু বেশিই হয়ে গেছে।’



