মনে হচ্ছিল একতরফা হতে যাচ্ছে ম্যাচটা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগে আজ মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে আবাহনীর বিপক্ষে একটা সময় ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। তবে ম্যাচটা আবাহনী-মোহামেডান বলেই রোমাঞ্চ ছড়াল। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতল মোহামেডান।
এটা মৌসুমে সাদা-কালোদের প্রথম জয়। আগের দুই ম্যাচে একটিতে হার, আরেকটি ড্র করে সাদা-কালোরা। আবাহনী এ নিয়ে তিন ম্যাচ খেলে দুটিতে হারল, অন্য ম্যাচটি ড্র হয়েছে।
ম্যাচের শুরুর ১০ মিনিট একের পর এক শাণিত আক্রমণ করতে থাকে আবাহনী। ব্রাজিলিয়ান ব্রুনো মাতোস পায়ের কারিকুরিতে মুগ্ধ করেন সমর্থকদের। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট উঁচু কর্নার দিয়ে জালে পড়ার উপক্রম। তবে মোহামেডান গোলরক্ষক লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন তা।

২০ মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন রহিম উদ্দিন। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে। মোজাফফর মোজাফফরভের কর্নার থেকে উড়ে আসা বল আবাহনীর জালে বল পাঠান তিনি।
৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং। তিন গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় আবাহনী। ৭২ মিনিটে ১ গোল ফেরায় আবাহনী। মাঝমাঠ থেকে বল টেনে বক্সের বাইরে থেকে সরাসরি শটে লক্ষ্যভেদ করেন পাপন সিং।
৭৮ মিনিটে আল-আমিনের ক্রস মোহামেডানের রক্ষণদেয়ালে লেগে দিক বদলায়। সেই বল পেয়েই ব্যবধান ৩-২ করেন শেখ মোরসালিন। এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল পায়নি আবাহনী।
এদিকে ড্রয়ে এবারের লিগ শুরু করা কিংস আজ টানা দ্বিতীয় জয় পেয়েছে।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে কিংস। দুটি গোলই করেছেন দরিয়েলতন। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কিংস।



