বাংলাদেশ ফুটবল লিগে হতাশার বৃত্তে ছিল আবাহনী। শুরুটা ড্র দিয়ে। পরের দুই ম্যাচে জুটেছে হার, এর একটি মোহামেডানের বিপক্ষে। চতুর্থ ম্যাচে অবশেষে প্রথম জয়ের দেখা পেল তারা, তাও ১০ জন নিয়ে।
পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। একই দিন আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফর্টিস এফসি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনী ১০ জনের দলে পরিণত হলেও জিততে কোনো অসুবিধা হয়নি আবাহনীর। দুটি গোলই আসে প্রথমার্ধে। ২৫ মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে।
৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনামুল গাজী। শেখ মোরসালিনের বাঁকানো ফ্রি কিক থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু আবাহনীর রক্ষণ আর ভাঙতে পারেননি। ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আবাহনীর আলমগীর মোল্লা দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় ১০ জনে পরিণত হয় তারা। এটা অবশ্য প্রভাব ফেলেনি আবাহনীর জয়ে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।
অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে আবাহনীর মতোই ১০ জনের দল নিয়ে জয় পেয়েছে ফর্টিসও। ১-০ ব্যবধানের গোলটি ম্যাচের ১৬ মিনিটে করেন রিয়াজ উদ্দিন সাগর।
ম্যাচের ৭৪ মিনিটে শহীদুল ইসলামের মুখে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ডে মাঠ ছাড়েন ফর্টিসের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। তবে সুবিধাটা নিতে পারেনি আরামবাগ।



