Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
নারী কাবাডি বিশ্বকাপ

ফাইনালে ভারত-চাইনিজ তাইপে, রানীর মত বিদায় রূপালীর

আসিফ মাহমুদ বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। ছবি : কাবাডি ফেডারেশন
আসিফ মাহমুদ বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়। ছবি : কাবাডি ফেডারেশন
[publishpress_authors_box]

দাপটে নারী কাবাডি বিশ্বকাপের ফাইনালে নাম লেখাল ভারত। রোমাঞ্চকর সেমিফাইনালে আজ ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট পেল বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালের স্বপ্ন ভঙ হয়েছে বাংলাদেশের। দ্বিতীয় সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে রূপালী আক্তারের দল হেরেছে ২৫-১৮ পয়েন্টে। ব্রোঞ্জ জিতে তাই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে।

এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন রূপালী। মুকুট পড়ে রানীর মত বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় বলেছেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রবিবার বাংলাদেশ-চাইনিজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রূপালীর মাথায়।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ হ্যাপি রিটায়ারম্যান্ট লেখা উত্তরীয় (শ্যাশে) পড়িয়ে দিয়েছেন তাকে। বাংলাদেশের বর্তমান দলে ২০১২ সালে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা একমাত্র সদস্য এই রূপালীই। ২০০৯ সাল থেকে কাবাডি খেলছেন। শুরুটা সে বছরই এশিয়ান জুনিয়র কাবাডি দিয়ে। ২০১০-এ ঘরের মাঠে খেলেছেন দক্ষিণ এশীয় গেমস। এরপরের দুটি দক্ষিণ এশীয় গেমসেও (২০১৬ ও ২০১৯) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুর থেকে উঠে আসা এই খেলোয়াড়।
তেমনি এশিয়ান গেমস খেলেছেন রূপালী ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে সাফল্য পেয়েছেন অনেক। সেই রূপালীরই আন্তর্জাতিক পথচলা থামছে এবারের কাবাডি বিশ্বকাপ দিয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের। শেষ আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করছেন তিনি।

আজ সেমিফাইনালে প্রথম রেইডে ব্যর্থ হন আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার। পরে ট্যাকলে পয়েন্ট হারান স্মৃতি আক্তারও। এগিয়ে যায় চাইনিজ তাইপে। তৃতীয় মিনিটে বোনাস পয়েন্ট নিয়ে খাতা খোলে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সময় নিল না তারা। অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের সফল রেইডে ৫-৪ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এবারের আসরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসা দলটি বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে ৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে। ব্যবধান আরও বাড়তে পারত, বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে সুপার ট্যাকলে ২ পয়েন্ট তুলে বাংলাদেশ ব্যবধান কমিয়ে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ঘুঁচিয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। চাইনিজ তাইপেও পাল্টা আঘাতে ১০-১০ সমতায় ফিরে। সময় গড়ানোর সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে চাইনিজ তাইপের। এ অর্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে তারা এগিয়ে যায় ১৫-১২ পয়েন্টে। বাকিটা সময়ে দাপট ধরে রেখে ২৫-১৮ পয়েন্টে জয় তুলে নেয় চাইনিজ তাইপে। সোমবার ফাইনালে চাইনিজ তাইপে মুখোমুখি হবে ২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারতের।

চায়নিজ তাইপের কাছে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড় স্মৃতি আক্তার সন্তুষ্টির কথাই বলেছেন, ‘‘টেকনিক্যাল দিক দিয়ে আমরা তাইপের কাছে হেরে গেছি। তারপরও আমরা খুশি যে প্রথমবারের মতো একটা পদক পেয়েছি। আরও ভালো লাগত যদি ফাইনালে যেতে পারতাম।’’

২০১২ বিশ্বকাপ ফাইনালে ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার সেমিফাইনালে ১৩ বছর আগের সেই আধিপত্য ধরে রাখল তারা। ২০১২ সালে পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

রবিবার (২৩ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম রেইডে ইরান ব্যর্থ হওয়ার পর ভারত প্রথম রেইডে পয়েন্ট তুলে নেয়। দ্বিতীয় রেইডেও পারেনি ইরান। তাদের রিভিউ আবেদনও হয় ব্যর্থ। ভারত আবারও পয়েন্ট তুলে নেয়। চতুর্থ মিনিটে এসে পয়েন্টের খাতা খোলে ইরান। তখন স্কোরলাইন ৩-১। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অষ্টম মিনিটের মধ্যে ৫-৫ সমতায় ফিরেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

এ অর্ধের শেষ দিকে কৌশলী হয় ইরান। রেইডে পয়েন্ট তোলার চেয়ে ট্যাকলে পাঁচ জনের দলে পরিণত হওয়া ভারতকে অলআউট করার দিকে মনোযোগী হয় তারা, কিন্তু পেরে ওঠেনি। ১৫-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে সাবধানী ছিল দুই দলই। এ অর্ধে সাঞ্জু দেবিকে আটকে প্রথম পয়েন্ট তুলে নেয় ইরান। দ্রুতই ব্যবধান ৫ পয়েন্টে নিয়ে যায় এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক জেতা ভারত। সময় গড়ানোর সাথে ইরানকে আরও চেপে ধরে তারা।

এ অর্ধের নবম মিনিটে ইরানকে অলআউট করে ২৭-১৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত। প্রতিপক্ষ অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও হাল ছাড়েননি জাহরা-ফাতেমেহরা, কিন্ত টেকনিকে এগিয়ে থাকা ঋতু-পূজাদের মুকুট ধরে রাখার শেষ মঞ্চে ওঠা আটকাতে পারেননি তারা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found