নতুন রেকর্ডই গড়ল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ইনিংস ঘোষণা করল ৮ উইকেটে ৫৮৭ রানে। তাতে বাংলাদেশের লিড ৩০১ রানের। অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে নাহিদ রানা চার মারার পরই বাংলাদেশের লিড ছাড়াল তিনশ। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টেস্টে ৫৮৭ রান বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ স্কোর। দেশের মাটিতে এটাই অবশ্য সর্বোচ্চ রানের ইনিংস। ২০১৭ সালে ওয়েলিংটনের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ৬৩৮ এখনও বাংলাদেশের সর্বোচ্চ।
অ্যান্ডি ম্যাকব্রিনের দ্বিতীয় বলে ডাবলস নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটা তার অষ্টম সেঞ্চুরি। এক বল পর এলবিডব্লিড হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়ে কোনো কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ১১৪ বলে ১৪ বাউন্ডারিতে ১০০ রান করেন শান্ত।
জবাবে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আইরিশরা। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে ২১৫ রানে।
প্রথম চার ব্যাটারের ফিফটি
ম্যাচে রেকর্ড হয়েছে আরও। টেস্টে এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম চার ব্যাটারই পেলেন ফিফটি। মাহমুদুল হাসান ১৭১, সাদমান ইসলাম ৮০, ও মুমিনুল হক ৮২
নাজমুল হোসেন শান্ত খেলেন ১০০ রানের ইনিংস।
টেস্ট ইতিহাসে এক ইনিংসে কোনো দলের প্রথম চার ব্যাটারের ফিফটি এ পর্যন্ত ৮৩ বার দেখেছে টেস্ট ক্রিকেট। প্রথম পাঁচ ব্যাটার ফিফটি পেয়েছেন ২৪ট ইনিংসে। এছাড়া প্রথম ছয় ব্যাটারের ফিফটি পাওয়ার ঘটনা আছে ৬টি। প্রথম সাত ব্যাটারের ফিফটি পাওয়ার কীর্তিও আছে একটি।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি. (মাহমুদুল ১৭১, নাজমুল ১০০, মুমিনুল ৮২, সাদমান ৮০, লিটন ৬০; হামফ্রিস ৫/১৭০, ম্যাকার্থি ২/৭২)।



