Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

টেস্টের ২৫ বছরে বাংলাদেশের প্রাপ্তি-অপ্রাপ্তি

t2
[publishpress_authors_box]

‘‘গত ২৫ বছরে আমাদের যেখানে থাকা উচিত ছিল, বাংলাদেশের ক্রিকেট সেই উচ্চতায় যায়নি’’-এটা অকপটেই স্বীকার করেন ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলা দলের সবাই। সেঞ্চুরি করে অভিষেক টেস্ট মাতিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি এখন বিসিবির সভাপতি।

 সেই বুলবুলও বললেন, ‘‘বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২৫ জুন, এ বছর সেই তারিখেও আমি সভাপতি ছিলাম। এখন নির্বাচন করে টেস্ট শুরুর দিন ১০ নভেম্বরও আমি সভাপতি। ২৫ বছর পূর্তির সময় আমরা আয়ারল্যান্ডের সঙ্গে খেলছি! এই ২৫ বছরে আমাদের যেটুক এগোনোর দরকার ছিল, আমরা তা পারিনি। আমরা কি ১০ বছর পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের সঙ্গে টেস্ট খেলব নাকি জিম্বাবুয়ের সঙ্গে খেলব, সেটা পরিকল্পনা করতে হবে এখন থেকে।’’

আজ টেস্ট অভিষেকের ২৫ বছর পূর্ণ হলো বাংলাদেশের। ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় শুরু হওয়া টেস্টটিতে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আমিনুল ইসলাম প্রথম ইনিংসে খেলেন ১৪৫ রানের ইনিংস। হাবিবুল বাশার সুমন করেছিলেন ৭১। প্রথম ইনিংসে ৪০০ করলেও দ্বিতীয় ইনিংসে ৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

 রজতজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুদিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে। কাল সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে সম্মেলনের প্রথম দিন শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের সঙ্গে আড্ডায় ফিরে যাচ্ছিলেন ২৫ বছর আগের স্মৃতিতে।

বুলবুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, অভিষেক টেস্টে তিনি সেঞ্চুরি পূর্ণ করেছিলেন কার বলে—মুরালি কার্তিক নাকি সুনীল জোশির? বুলবুল বললেন, ‘‘মোহামেডানের সমর্থকেরা বলতেন ঝাড়ু শট। কিন্তু আমি খেলেছিলাম প্যাডল সুইপ। শতভাগ নিশ্চিত, ওটা ছিল মুরালি কার্তিক। ওর সঙ্গে যখনই দেখা হয়, শততম টেস্টের স্মৃতিচারণা হয়। এখন তো সে ধারাভাষ্য দেয়।’’

গত ২৫ বছরে ১৫৪ টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে ২৩ টেস্ট, হেরেছে ১১২ ও ১৯ ম্যাচ ড্র হয়েছে। টেস্টে ১১২ হারের মধ্যে ৪৭ বারই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। শুধু তা-ই নয়, সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের কাছেও বাংলাদেশ হেরেছে ক্রিকেটের রাজকীয় সংস্করণে। টেস্টে প্রথম জয় বাংলাদেশ পেয়েছে ৩৫ তম ম্যাচে এসে। ২০০৫ সালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে টেস্টে বাংলাদেশ প্রথম জেতে।

২৫ বছরে এখন পর্যন্ত ১৪ অধিনায়কের অধীনে টেস্ট খেলেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৮ ম্যাচ, সর্বোচ্চ ৬,৩২৮ রান, সবচেয়ে বেশি ৩ ডাবল সেঞ্চুরি—সব রেকর্ড মুশফিকেরই। সেই মুশফিকই ১৯ নভেম্বর দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন।

হতাশার মধ্যে আছে কিছু গৌরবগাথা। গত বছর পাকিস্তানকে তাদের মাঠে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন তাসকিন আহমেদ-মুশফিকুর রহিমরা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। ২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশ জিতেছিল তাদের শততম টেস্ট।

নিজেদের উন্নতির জন্য সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘‘আমাদের দরকার খোলা মাঠ। ভালো উইকেট। উইকেটের বাউন্স ভালো থাকবে। ভালো আউটফিল্ডও থাকবে, যাতে একটা বাচ্চা ছেলে বা মেয়ে সহজে ফিল্ডিং করতে পারবে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found