বিশ্বকাপ জিতেছেন। গড়েছেন একের পর এক রেকর্ড। তবে আক্ষেপ ছিল ইউরোপিয়ান গোল্ডেন বুট জিততে না পারা। রিয়াল মাদ্রিদে এসে মিটেছে সেই আক্ষেপ। গত মৌসুমে লা লিগাতে করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল।
এমন পাফরম্যান্সের কারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদের এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার হাতে নিয়ে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ায় এমবাপ্পে বললেন, ‘‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের। প্রথমবার পুরস্কারটা জেতা আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফরোয়ার্ড হিসেবে অনেক কিছু এটা।’’

এমবাপ্পে গোল্ডেন বুট জিতলেও দল হিসেবে গত মৌসুমে ব্যর্থ ছিল রিয়াল। এজন্য আনচেলত্তির জায়গায় আনা হয়েছে নতুন কোচ জাবি আলনসোকে। এবার রিয়ালের হয়ে শিরোপা খরা কাটাতে চান এমবাপ্পেও, ‘‘আমাদের দলে অসাধারণ ঐক্য আছে। আশা করি, আমরা এই মৌসুমে বড় কিছু জিতব। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলীয় অর্জনই বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে আরও বহু বছর থাকতে চাই এবং এমন কিছু অনেকবার জিততে চাই।’’
১৯৬৭–৬৮ মৌসুমে প্রথম এই পুরস্কার দেওয়া শুরু হয়। তখন এই পুরস্কার দিত ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ।’ ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রেকর্ড সর্বোচ্চ ছয়বার পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি।



