ফিরে এলো ফিল হিউজের স্মৃতি, ঘাড়ে বল লেগে অজি ক্রিকেটারের মৃত্যু। হিউজের চেয়েও ক্ষণজন্মা তিনি। দুর্ভাগা এই ক্রিকেটারের নাম বেন অস্টিন। বলের আঘাতের পর হাসপাতালে ২ দিন চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি এই ১৭ বছর বয়সী ক্রিকেটারকে।
হিউজের মতোই বড় স্বপ্ন নিয়ে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল অস্টিনের। তবে সেই ক্রিকেটই হলো জীবনাবসানের কারণ। মেলবোর্নের ফার্নট্রি গালিতে গেল মঙ্গলবার অনুশীলন করছিলেন অস্টিন। সেখানে থ্রোয়ার থেকে আসা বল তার ঘাড়ে আঘাত করে। হিউজের মতোই হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আঘাত পান। কারণ ব্যবহার করেননি নেক গার্ড বা স্টিম গার্ড।
হিউজের মৃত্যুর পর ক্রিকেটারদের স্টিম গার্ড ব্যবহারের ওপর জোর দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের ঘরোয়া ক্রিকেটে এই গার্ড ব্যবহার করা বাধ্যতামূলক।
আঘাতের পর মোনাশ চিলড্রেন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন অস্টিন। তাকে বাঁচাতে চিকিৎসকরা প্রাণান্তর চেষ্টা করেছেন। শেষমেশ লাইফ সাপোর্টেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া ছাড়াও ক্রিকেট ভিক্টোরিয়া ও ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব অস্টিনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে। তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত চলমান টি-টোয়েন্টি সিরিজেও মাত্র সতেরোয় নিভে যাওয়া এই ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানানো হতে পারে।



