সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই। আজ শারজাহতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের মিশন বাংলাদেশের। তবে এই সিরিজ শেষেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এজন্য আজ নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হতে পারে।
বিশ্রাম পাওয়ার তালিকায় শুরুতেই থাকবেন মোস্তাফিজুর রহমান। টানা খেলে চলেছেন এই পেসার। দ্বিতীয় ম্যাচে ৭টি ডট বল দিয়ে নতুন ইতিহাস গড়েছেন মোস্তাফিজ। তিনি সাউদিকে ছাড়িয়ে যান। ১২০ ইনিংসে তার মোট ডট বল ১১৪২টি। দুইয়ে থাকা সাউদি ১২৩ ইনিংসে করেছেন ১১৩৮টি ডট বল। এই তালিকার সেরা তিনেও আছেন একজন বাংলাদেশি। সাকিব আল হাসানের ডট বল ১০৭৮টি।

আজ মোস্তাফিজ বিশ্রামে থাকলেও তিন পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। শরিফুল ইসলাম, সাইফউদ্দিনের সঙ্গে একাদশে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে বিশ্রাম পেতে পারেন রিশাদ হোসেন। তার জায়গায় একাদশে ফিরতে পারেনে মেহেদী হাসান।
চোটে থাকা তাওহিদ হৃদয়কে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না বাংলাদেশ। সেক্ষেত্রে ব্যাটিংয়ে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে নুরুল হাসান সোহানকে আজ দেখা যেতে পারে উইকেটরক্ষকের ভূমিকায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।



