গ্রেপ্তার থাকা রাজবাড়ীর সাংবাদিক আহসান হাবীব টুটুলের জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় গোয়ালন্দ শহরের প্রধান সড়কে গোয়ালন্দ প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। আহসান হাবিব টুটুল বেসরকারি টেলিভিশন এনটিভি ও বার্তাসংস্থা ইউএনবির রাজবাড়ী জেলা প্রতিনিধি।
গত ১ জুলাই ভোরে আহসান হাবীব টুটুলকে মাদক রাখার অভিযোগে তার বাসা থেকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরিবারের দাবি, তাকে চক্রান্তমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডেইলি অবজারভারের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ, মেয়ে লামিয়া সুরভি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, কালবেলা গোয়ালন্দ প্রতিনিধি রাকিবুজ্জান রাকিব, দৈনিক দিনকাল গোয়ালন্দ প্রতিনিধি আক্তাউজ্জামান রনি।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক টুটুল কোনও প্রকার ষড়যন্ত্রের শিকার হয়ে থাকলে তার নিন্দা জানান ও তার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।



