ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সোমবার বিকালে প্রধান উপদেষ্টার অধিদপ্তরের ফেইসবুক পেইজে এ কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, বিমান দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টার অফিস থেকে দেওয়া ওই বার্তায় চিকিৎসা কাজ নির্বিঘ্ন করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভীড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে। এতে বৈমানিক, শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হন। আহত হন শতাধিক, যাদের অধিকাংশই স্কুলশিশু।
বিমানবাহিনীর এফ-৭ বিজিআই বিমানটি সোমবার দুপুর ১টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।



