Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ খুলছে শনিবার

dhaka-medical-college_1
[publishpress_authors_box]

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বন্ধ করে দেওয়ার ২০ দিন পর আবার খুলছে ঢাকা মেডিকেল কলেজ। তার একদিন আগে খুলে দেওয়া হচ্ছে কলেজের হোস্টেল।

শনিবার থেকে মেডিকেল কলেজটিতে আবার শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হবে। সেজন্য কলেজের হোস্টেলগুলো খুলে দেওয়া হবে শুক্রবার সকাল ৮টা থেকে।

আবাসন সংক্রান্ত জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২১ জুন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা মেডিকেল কলেজ। তার পরদিন বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়।

তবে ঢাকা মেডিকেল কলেজের বিজ্ঞপ্তিতে জানানো হয় এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে।

এর আগে প্রায় ১ মাস যাবত শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস বর্জন করে আসছিল। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আবাসন ব্যবস্থার সমস্যার ও জরুরি সমাধান প্রসঙ্গে গত ৬ জুন শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি লিখিত বিবৃতি দেয়।

এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের পুরনো অ্যাকাডেমিক ভবন, ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস ও ডা. আলীম চৌধুরী ছাত্রীনিবাস পুরনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনা। একইসঙ্গে পাঠদান ও বসবাসের সম্পূর্ণ অনুপযোগী। এমন অবস্থায় মৃত্যুঝুঁকি নিয়ে হলে অবস্থান ও অ্যাকাডেমি কার্যক্রম চালু রাখা সম্ভব নয়।

তাই বিকল্প আবাসন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

শিক্ষার্থীদের ওই বিবৃতিতে তাদের দাবিগুলো ছিল, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাশ করতে হবে। নতুন আবাসন ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন ও বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাশ করে জলদি দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ নিতে হবে।

একইসঙ্গে পুরনো অ্যাকাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র স্থানান্তর ও নতুন ভবনের জন্য বাজেট পাশ করতে হবে।

এসব দাবি জানিয়ে শিক্ষার্থীরা জানান, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড ও অভ্যান্তরীণ পরীক্ষায় অংশ নেবে না।

এরপর এ নিয়ে জরুরি সভা করে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল। সভা শেষে কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

যদিও সেদিন শিক্ষার্থীরা জানিয়েছিলেন, তারা হোস্টেল ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

এরপর গত ২৩ জুন শিক্ষার্থীদের ৭ সদস্যের একটি দল সচিবালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

সেখান থেকে বেরিয়ে কলেজের কে-৭৯ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে।

বাজেট বাস্তবায়নের সময় এবং বিকল্প আবাসনসহ কিছু বিষয়ে অপেক্ষা করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের বলেছেন, পরে জানানো হবে। কিন্তু আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য এ সমস্যার দ্রুত সমাধান চেয়েছি।”

আবার কলেজ খোলার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. কামরুল আলম সকাল সন্ধ্যাকে বলেন, হোস্টেল এবং কলেজ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম বিঘ্ন হচ্ছিল, তাই তারা ক্লাসে ফিরতে চেয়েছে। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found