সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী শিরিন আকতার বানু ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনে ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছে।
ওই ৯ ব্যাংক হিসাবের মধ্যে রাজ্জাকের ৪ ব্যাংক হিসাবে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর ৪ ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং তাদের মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকা রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষের সংস্থার সহকারী পরিচালক আব্দুল মালেক ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং তার অন্য আত্মীয় স্বজনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেরও অনুসন্ধান চলছে। অনুসন্ধানে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তারা এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তরের প্রচেষ্টা চালাতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর হলে এই সম্পদ উদ্ধার করা দুরুহ হয়ে পাড়বে। এজন্য তাদের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুর রাজ্জাককে। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
দুদকের আবেদনে গত ৯ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক, তার শিরিন আকতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় আদালত।
শম্ভুর স্ত্রীর আরেক ব্যাংক হিসাব, চার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ
দুদকের আবেদনে একই আদালত এদিন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের একটি ব্যাংক হিসাব এবং চারটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছে।
এসব হিসাবে মোট ৭১ লাখ ৩৯ লাখ ৯৩৩ টাকা রয়েছে। এর মধ্যে ব্যাংক হিসাবে রয়েছে ৩৪ লাখ ৩৯ টাকা ৯৩৩ টাকা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
দুদকের সহকারী পরিচালক রুহুল হক এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মাধবী দেবনাথের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
গত ৬ মে মাধবী দেবনাথের গুলশানের ও বাড্ডার দুটি ফ্ল্যাট জব্দ এবং সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধে আদেশ দেয় একই আদালত, যেসব হিসাবে রয়েছে ৫১ লাখ ৭০ হাজার টাকা।



