প্রতিবছর স্বাস্থ্যখাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। চলতি বছরে সেই ‘টাইম ১০০ হেলথ’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ড. তাহমিদ আহমেদ। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক।
টাইমের এই বার্ষিক তালিকায় বৈশ্বিক স্বাস্থ্য খাতে সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিকে স্বীকৃতি জানানো হয়। বৃহস্পতিবার আইসিডিডিআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত-সম্পদের অঞ্চলে স্বাস্থ্য সমস্যার দৃষ্টান্ত-নির্ভর সমাধানে তাহমিদ আহমেদের অগ্রণী অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মান দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম। তার নেতৃত্বে আইসিডিডিআর,বি গবেষণা ও জীবনরক্ষাকারী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের লাখো মানুষের কাছে সেবা পৌঁছে দিয়েছে এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্ক সুদৃঢ় করেছে।
আগামী ১৩ মে নিউইয়র্কে ‘টাইম ১০০ ইমপ্যাক্ট ডিনার: লিডারস শেইপিং দ্য ফিউচার অব হেলথ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তাহমিদ আহমেদ। সেখানে তিনি যে বক্তব্য দিবেন তা পরে টাইমের সম্পাদকীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হবে।
স্বীকৃতি পেয়ে তাহমিদ আহমেদ বলেন, “টাইমের হেলথ ১০০ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অত্যন্ত গৌরবের। এ স্বীকৃতি শুধু আমার নয়, এটি আইসিডিডিআরবির প্রতিভাবান বিজ্ঞানী ও কর্মীদের, আমাদের বৈশ্বিক অংশীদারদের এবং সেই সব কমিউনিটির, যাদের জন্য আমরা কাজ করি।”
তাহমিদ আহমেদ আশা প্রকাশ করেন, “এই স্বীকৃতি অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং এমন বিজ্ঞানভিত্তিক গবেষণায় বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরবে, যা যুদ্ধ, সংঘাত বা বিভাজনে নয়, জীবনকে সমতা, স্বাস্থ্য ও মানব মর্যাদায় উন্নত করে।”
টাইম ১০০ হেলথ তালিকাটি (http://www.time.com/time100health) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তালিকাটি টাইমের ২৬ মে ২০২৫ সংখ্যায় মুদ্রিত হবে।



