অনেক মুসলিমই খেলেছেন স্পেন জাতীয় ফুটবল দলে। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরা ইসলাম ধর্মাবলম্বী। মুনির ২০১৪ সালে একটিই ম্যাচ খেলেছেন স্পেনের হয়ে। ত্রাওরে ও ফাতি অবশ্য রমজান মাসে কোনো ম্যাচ খেলেননি।
আরেক মুসলিম ফুটবলার লামিনে ইয়ামালের জন্য আসলে আসছে মুসলিম আর রমজান মাসের প্রসঙ্গ। কারণ মার্কা জানিয়েছে, ‘‘স্পেনের প্রথম মুসলিম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ইয়ামাল।’’
উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। ফিরতি লেগ রবিবার স্পেনে মুখোমুখি হবে দুই দল। দুটি ম্যাচই ইয়ামাল খেলবেন রোজা রেখে। এর আগে চ্যাম্পিয়নস লিগ নকআউটে বেনফিকার বিপক্ষেও রোজা রেখে খেলেছিলেন ইয়ামাল।

সেই ম্যাচে একটি গোলের পাশাপাশি করেছিলেন একটি অ্যাসিস্টও। ম্যাচে ইফতারের সময় হলে পানি পান করে রোজা ভাঙেন ইয়ামাল, সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার স্পেনের হয়ে রোজা রেখে খেলবেন তিনি।
রোজা রেখে ফুটবল ম্যাচ খেলা নিয়ে ডিএজেএনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেছেন, ‘‘গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরকে পানিশূন্যতা না রাখা। নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠি। ইলেক্ট্রোলাইট জাতীয় পানীয় পান করি (সেহেরিতে), যা সারাদিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। ইফতারে আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। প্রচুর পানি পান করি, তাতে নিয়ন্ত্রণে থাকে সবকিছু। মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত আছেন।’’



