বয়স মাত্র ৯ বছর। এই বয়সে দাবার কোর্টে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে ওয়ারিসা হায়দার। গড়েছে নতুন কীর্তি। বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে পেয়েছে মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব।
ক্যারিয়ারের ঊষালগ্নে তার সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হয়েছিল আগেই। গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৮ ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওয়ারিসা। ওই প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ক্যান্ডিডেট মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছিল সে।
তবে সেটির আনুষ্ঠানিকতা পেতে দাবার নিয়ন্ত্রণ সংস্থার ফিদের একটি শর্ত পূরণ করতে হয়। এজন্য একজন খেলোয়াড়ের ১৮০০ রেটিং পয়েন্ট থাকা চাই। গত জুলাইতে এই শর্ত পূরণ করায় এখন আনুষ্ঠানিকভাবে ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা।
এই বয়সেই আন্তর্জাতিক মঞ্চে আগমনী বার্তা দিয়েছে ওয়ারিসা। ২০২৩ সালে দুবাইয়ের এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ দিয়ে প্রথমবার দেশের বাইরের কোনও প্রতিযোগিতায় অংশ নেয়। আর গত বছরের শেষ দিকে থাইল্যান্ডের এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়ে শেষ করেছিল প্রতিযোগিতা।



