ইউরোপা লিগ জয়ের পর অপ্রত্যাশিতভাবে বরখাস্ত হয়েছিলেন টটেনহামের কোচ। অধিনায়ক সন হিউং–মিনকে ঘিরে অবশ্য চ্যাম্পিয়নস লিগে নতুন শুরুর পরিকল্পনা করছিল ইংলিশ ঐতিহ্যবাহী ক্লাবটি। হঠাৎ করে ক্লাব কিংবদন্তি সন জানিয়ে দিলেন, টটেনহামে খেলবেন না আর।
সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আগামীকাল (রবিবার) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক–মৌসুম প্রীতি ম্যাচ খেলার আগে সন দিলেন এক দশক পর টটেনহাম ছাড়ার ঘোষণা, ‘‘সংবাদ সম্মেলন শুরুর আগে আমি একটি কথা বলতে চাই—আমি এই গ্রীষ্মে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবও এই সিদ্ধান্তে আমাকে সহায়তা করছে, তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’’
২০১৫ সালে বায়ার লেভারকুসেন থেকে টটেনহামে এসেছিলেন সন। ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ করেছেন ১৭৩ গোল, অ্যাসিস্ট ১০১টি। টটেনহামের ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে ৪৫০-এর বেশি ম্যাচ খেলেছেন দক্ষিণ কোরিয়ান এই তারকা। গত মৌসুমে জিতেছেন ইউরোপা লিগ। ২০১৯ সালে বার্নলির বিপক্ষে করা গোলে পেয়েছেন ফিফা পুসকাস অ্যাওয়ার্ড।

টটেনহাম ছাড়া নিয়ে সন বললেন, ‘‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ কিছু স্মৃতি রয়েছে এখানে। সিদ্ধান্তটি নেওয়াটা খুবই কঠিন ছিল। নিজেকে আরও চ্যালেঞ্জ করতে নতুন এক পরিবেশের প্রয়োজন আছে।’’
টটেনহাম ছেড়ে সন কোথায় যাচ্ছেন সেটা বলেননি। তবে ইএসপিএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি সনকে নিতে আগ্রহী। একই লিগে ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্ক জানিয়েছেন নিউক্যাসলের বিপক্ষে সন অধিনায়কত্ব করবেন। ইএসপিএন ও সিএনএন জানাচ্ছে, টটেনহামের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ। আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপে পিএসজির বিপক্ষে সনের খেলাটা তাই অনিশ্চিত।
সনের জন্য শুভকামনা জানালেন টটেনহাম কোচ টমাস ফ্রাঙ্ক , ‘‘এই অসাধারণ মানুষ ও খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারলে খুশি হতাম। তিনি প্রতিটি দিক থেকে একজন সত্যিকারের টটেনহাম কিংবদন্তি, প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজন। তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’’



