Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পাতৌদি অতীত, টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফির উন্মোচন

and2
[publishpress_authors_box]

ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে দেওয়া হত পাতৌদি ট্রফি। এবার হঠাৎ সেই নাম বদলে করা হয়েছে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি। এ নিয়ে সমালোচনার মুখেই আজ (বৃহস্পতিবার) উন্মোচন হল নতুন নামের ট্রফির। দুই দেশে দুই কিংবদন্তি ক্যামেরাবন্দি হন ট্রফি মাঝখানে রেখে।

মনসুর আলী খান পাতৌদির নাম না থাকলেও সিরিজের সঙ্গে তার নাম জড়িয়ে রাখতে চেষ্টা করেছিলেন খোদ টেন্ডুলকার নিজে। তাই জয়ী দলের অধিনায়ক এখন থেকে পাবে পাতৌদির নামের পদক।

এ নিয়ে টেন্ডুলকার জানালেন, ‘‘পাতৌদির ঐতিহ্য বাঁচিয়ে রাখার দরকার ছিল। আমি তার পরিবারের সঙ্গে কথা বলি। আমি জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানাই। সেই অনুরোধ তারা মেনেছেন। জয়ী অধিনায়ককে পাতৌদির নামে পদক দেওয়া হবে। ট্রফির নাম বদলে ফেলার সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট বোর্ডের ছিল। আমি যতটা পেরেছি তার নাম ধরে রাখার চেষ্টা করেছি।”

অধিনায়ক হিসেবে শুরু হচ্ছে শুবমান গিলের নতুন অধ্যায়। ছবি : ক্রিকইনফো

ট্রফির নাম বদলে যাওয়া নিয়ে সমালোচনা করেছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। এবার তার সঙ্গে গলা মিলিয়ে ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বললেন, ‘‘সিদ্ধান্তটা আমার সত্যিই অদ্ভুত লাগছে। এরকম কী কখনও ঘটে? যাই হোক, ঠিক আছে। ক্রিকেটে অনেক কিছুই কাজ করে। দিনের শেষে কোনও পার্থক্য নেই। ক্রিকেট হল ক্রিকেটই। মাঠে ক্রিকেটও একইরকম হওয়া উচিত।’’

 বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা অবসর নিয়েছেন। ভারতের নতুন অধিনায়ক শুবমান গিল। তাকে নিয়ে কপিল বললেন, “শুবমানের কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই। একটা কথাই বলব, মাঠে নেমে খেলো। নিজেকে মেলে ধরো। এটাই গুরুত্বপূর্ণ।”

এদিকে রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় শূন্যতা অনুভব করছেন লোকেশ রাহুল। তার খেলা ৫৮ টেস্টের প্রতিটিতে ছিলেন রোহিত বা কোহলির একজন। এবার তাদের ছাড়া খেলতে হওয়ায় রাহুল বললেন, ‘‘এক দশক ধরে রোহিত ও কোহলি ভারতীয় ক্রিকেটের স্তম্ভ হয়ে ছিল। তাদের অভাব আরও বেশি টের পাচ্ছি। যখনই ভারতের হয়ে খেলেছি তাদের মধ্যে কাউকে পেয়েছি। ওদের ছাড়া ড্রেসিংরুমে ঢুকতেই ভালো লাগছে না। মন খারাপ করছে। কিন্তু কিছু করার নেই। দুজনের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।’’

শুক্রবার লিডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অবশ্য তৃতীয় দিন বৃষ্টির শঙ্কা আছে। প্রথম দুই দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। চতুর্থ দিন তাপমাত্রা কমবে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেলতে হতে পারে ক্রিকেটারদের। পঞ্চম দিনও তাপমাত্রা কমের দিকেই থাকবে। সে দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found