Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গণতান্ত্রিক বিশ্ব আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে না : প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
[publishpress_authors_box]

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্বের কোনও গণতান্ত্রিক দেশের সমর্থন পাবে না বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি রবিবার এই প্রতিক্রিয়া জানিয়েছেন বাসসকে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নয় মাস পর শনিবার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

শফিকুল বলেন, “আমি বিশ্বাস করি না যে বিশ্বের কোনও দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তাতে দুঃখ প্রকাশ করবে।

“গণতান্ত্রিক বিশ্বে এমন কোনও পক্ষ নেই যারা নির্লজ্জ এই খুনি, গণতন্ত্রবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলবে। সুতরাং, আমরা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না।”

তিনি বলেন, “এর আগে আমরা দেখেছি, শুধু কোনো দলের কার্যক্রমই নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও, যখন তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি ও ইতালিতে নাৎসি দলগুলোকে এবং স্পেন ও বেলজিয়ামে কিছু দলকে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করার উদাহরণ দেন তিনি।

জুলাই অভ্যুত্থান দমনে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, “জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিবেদন সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ এর নেতৃত্ব এবং দলের কর্মী এবং সহযোগী সংগঠনগুলো মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধে অংশগ্রহণ করেছে।”

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কারণ দেখান তিনি।

শফিকুল আরও বলেন, এই দলটি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপক ধ্বংস সাধন করেছে।

“আওয়ামী লীগের নেতা ও সমর্থকরা ব্যাংকগুলো লুটে নিয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত