বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়া এলাকায় তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানকে চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দিয়েছে। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তাদের আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্ত স্বার্থে সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়ার এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত এসব আদেশ দেয়।
সংশ্লিষ্ট আদালতের জিআরও শাখার উপপরিদর্শক খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই আন্দোলনের এক পর্যায়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্যদের মতো সালমান এফ রহমানের খোঁজ ছিল না। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার চার দিন পর ১৩ আগস্ট তাকে গ্রেপ্তারের খবর দেয় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এসএমএসে জানানো হয়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হকের নিউমার্কেট থানার এক হত্যা মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার দুই হত্যা মামলায় তাদের আরও ১০ দিন করে রিমান্ডে নেওয়া হয়। পরে ঢাকার বিভিন্ন থানায় করা মামলায় কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন তারা।
মামলায় বলা হয়, শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া এলাকায় ভ্যানগাড়িতে তরকারির ব্যবসা করতেন। গত ৪ আগস্ট তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। আশুলিয়া বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শাওনের বড় ভাই তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলা ১৮ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
ডিবির হারুন ঘনিষ্ঠ জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের আদেশ
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ জাহাঙ্গীর হোসেনের উত্তরার একটি প্লট ও সেখানকার স্থাপনা জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বৃহস্পতিবার ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান। দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আবেদনটি করেন।
আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও ঘনিষ্ঠ আত্মীয়দের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে,, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন তার স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে থাকা প্লট জব্দ করা আবশ্যক।



