জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে গোপালগঞ্জে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা এই আগুন দিয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগান নিয়ে গত ১ জুলাই দেশের উত্তরাঞ্চল থেকে পদযাত্রা শুরু করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব েদওয়া তরুণদের দল এনসিপি। বরিশাল হয়ে বুধবার এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার কথা।
মঙ্গলবার রাতেই এনসিপির ফেইসবুক পাতায় ঘোষণা দেওয়া হয়েছিল- “১৬ জুলাই ————– মার্চ টু গোপালগঞ্জ #NCP।”
পরে আরেক পোস্টে বলা হয়, “দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমরা আজ আসছি গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায়।”
সেই পদযাত্রা পৌঁছার আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর এসেছে সংবাদমাধ্যমে।
প্রথম আলো জানিয়েছে, এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তারা হলেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশকে উদ্ধৃত করে বিবিসি বাংলা জানিয়েছে, ৪০-৫০ জনের একটি দল পুলিশের গাড়িতে হামলা চালায়, এরপর আগুন ধরিয়ে দেয়।
তারা কারা- এই প্রশ্নে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বিবিসিকে বলেন, “ছাত্রলীগের পোলাপান।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে। পরে আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বরাবরই দলটির শক্ত অবস্থান। আগস্টে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পরও কয়েকদিন গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সক্রিয় অবস্থানে ছিল।
এদিকে পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে পৌঁছার আগে এই জেলার বাসিন্দাদের প্রতি একটি বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিশ আলম।
তিনি ফেইসবুকে লিখেছেন, “আমরা সেই বাংলাদেশ গড়তে চাই- যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না।
“একইসাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”
সকাল ১১টায় গোপালগঞ্জে পদযাত্রা করার কথা রয়েছে এনসিপি নেতা-কর্মীদের।



