বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হলেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। সম্প্রতি অ্যাপের প্রচারণামূলক একটি গানেও দেখা গেছে তাকে। আর এই নিয়ে তাকে ঘিরে চলছে নানান সমালোচনা। তাই অনেকদিন ধরে নতুন কোন সিনেমায় তাকে দেখা না গেলেও, আলোচনায় ঠিকই আছেন তিনি।
“সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব…” এমন একটি গানের পরিবেশনায় অংশ নিতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। যেখানে গানের শেষাংশে তিনি বলছেন, “ প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।” প্রকাশিত এই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে, ‘শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়ার অফিশিয়াল গানের ভিডিও। বাংলাদেশের নিরাপদ প্ল্যাটফর্ম…।’

‘নগদ এইট্টিএইট’ নামে বেটিং অ্যাপের প্রচারণায় অংশ নেওয়া বিষয়ে জানতে বেশ কয়েকটি গণমাধ্যম থেকে নুসরাত ফারিয়াকে একাধিকবার কল করা হলেও, তার পক্ষ থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি।
এর আগে বেটিং অ্যাপের পণ্যদূত হিসেবে নাম লিখিয়েছিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও দেখা যায় তাকে।
বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে। যদিও বিভিন্ন সময়ে জুয়ার ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হিসেবে শোনা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকার নাম।

অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংস্থা বহুদিন যাবত উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের দাবি অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে।
বাংলাদেশের সংবিধানের ১৮ অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ। ২০২২ সালে সাকিব আল হাসান বেটিং ওয়েবসাইট ‘বেট উইনার নিউজের’ পণ্যদূত হয়ে পড়েছিলেন প্রবল সমালোচনার মুখে। জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তখন শক্ত অবস্থান নিয়েছিল। বিসিবির চাপে সাকিব বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন।



