সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের নামে থাকা সেনানিবাসসহ বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬ সংস্থার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার এ সংক্রান্ত প্রস্তাবনা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
প্রস্তাবনায় টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস, কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামইন সেনানিবাস, বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস, শরিয়তপুর জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস করার কথা বলা হয়েছে।
এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমি কমপ্লেক্স, চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স-১ এবং ২ এর নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, কক্সবাজারের রামুতে মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে ১-ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি করার প্রস্তাবনা করা হয়েছে।
এছাড়াও শরিয়তপুরে বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাতকে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা, ঢাকার বিজয় স্মরণীতে অবস্থিত এডহক বঙ্গবন্ধু সামরিক যাদুঘরকে বাংলাদেশ সামরিক যাদুঘর, ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু যাদুঘরকে স্বাধীনতা যাদুঘর, টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জের জলসিঁডির শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করা হচ্ছে।
বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইবিআরসি চট্টগ্রাম সেনানিবাসের শেখ কামাল কমপ্লেক্স (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স এবং হালি শহর এসিএন্ডএসের মুজিব ব্যাটারি সড়কের নাম বদলিয়ে গোলন্দাজ সড়ক করা হয়েছে।
এর আগে গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে যেসব প্রতিষ্ঠান ও সংস্থা রয়েছে তা বাতিলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।
তার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনে প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছে।

