সাফ অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন মোসাম্মৎ সাগরিকা। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়েও দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে নেপালের সিমরানের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের সম্ভাবনাময় এই ফুটবলার।
এরই শাস্তি হিসেবে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫০০ ডলার জরিমানা করা হয়েছে সাগরিকাকে। একই শাস্তি পেয়েছেন সিমরানও। এক ম্যাচের শাস্তি এরইমধ্যে শেষ হওয়ায় আরো দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে দুজনকে।
নিষেধাজ্ঞার জন্য আজ ভুটানের বিপক্ষে খেলতে পারেননি সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ম্যাচে হয়তো ফিরবেন সাগরিকা।
প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর নেপালকে ৩-২ ব্যবধানে হারানোর ম্যাচেও এক গোল করেছিলেন সাগরিকা। টুর্নামেন্টে তার গোল যৌথ সর্বোচ্চ ৪টি। নেপালের ফরোয়ার্ড পূর্ণিমা রাইয়ের গোল সর্বোচ্চ ৭টি।



