বোমাই ফাটিয়েছেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দলে শামীম পাটোয়ারীর জায়গা না পাওয়া নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘‘এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’’
লিটন আরও যোগ করেন, ‘‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু আমি শামীমের বাদ হওয়ার পিছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও, আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।’’
লিটনের এমন বিস্ফোরক মন্তব্যের পর আবারও বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। দল নির্বাচনে কোচ, অধিনায়কের পরামর্শ না নেওয়ার অভিযোগের তীর জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দিকে।

এ নিয়ে লিটনের অভিযোগের জবাব দিয়ে লিপু গণমাধ্যমে বলেছেন, ‘‘আমাদের যে নিয়মিত প্রক্রিয়া আছে, তার অংশ হিসেবে সবার মতামত নেওয়া হয়। সেই মতামত যাচাই-বাছাই করতে গিয়ে অনেক সময় গভীরভাবে আলোচনাও হয়। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বলতে পারি—ডে ফোর, মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের দিন শেষে আমাদের একটি বৈঠক হয়েছিল। অধিনায়ককে অনুরোধ করা হয়েছিল; তিনি সিলেক্টরদের রুমে এসেছিলেন, সেখানে আমরা আলোচনা করছিলাম।’’
লিপু আরও যোগ করেন শামীমকে দলে চেয়েছিলেন লিটন, ‘‘আলোচনার এক পর্যায়ে ওভারঅল বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে আমরা আলোচনা করি। ব্যাটিংয়ের ফর্ম নিয়ে একটা তো উৎকণ্ঠা আমাদের আছে এবং সেই ব্যাটিং ফর্ম নিয়ে আলোচনার একটা পর্যায়ে শামীমের নামও এসেছিল। তাঁর ব্যাপারে আমি অধিনায়কের অবস্থান জানতে চাইলে আমাকে পরিষ্কারভাবে জানান, তিনি শামীমকে দলে রাখতে চান। এটা খুবই পরিষ্কার।’’
সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে শামীমের স্কোর ০, ১ ও ১। তারপরও লিটন তাঁকে দলে চান বলে জানান নির্বাচকদের। সেই কথোপকথন নিয়ে গাজী আশরাফ বলেন, ‘‘বুঝতে পারলাম তার অভিপ্রায় কী। তিনি আমাদের জানান, কোচও একইভাবে চিন্তা করছে। যে ব্যাটিং লাইনআপটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল, সেটা তাঁরা রাখতে চান। তারপর তো দল চলে যাবে, লিটনও চলে গেল।’’



