পানি একটা শহরের প্রাণ—এটাই শহরের ইতিহাস, সংস্কৃতি আর টিকে থাকার প্রধান ভিত্তি।
এক সময় ঢাকা শহর ছিল খাল, নদী, জলাভূমির সঙ্গে মিশে থাকা একটা প্রাকৃতিক শহর। পানি আর শহরের মধ্যে একটা সুন্দর ভারসাম্য ছিল। কিন্তু এখন সেই ভারসাম্য আর নেই।
অপরিকল্পিতভাবে শহর গড়ে ওঠা, দখল আর অবহেলার কারণে ঢাকার অনেক খাল আর প্রাকৃতিক জলাধার হারিয়ে গেছে। ফলে শহরটি এখন প্রায়ই জলাবদ্ধতায় ভোগে, বন্যা হয়, আর পরিবেশের অবনতি ঘটে।
মোহাম্মদ হেলিমুল আলমের লেখা বই— Dhaka’s Canals on Their Dying Breath : An In-Depth Look at How the Capital’s Waterways Are Being Choked’— শুধু হারিয়ে যাওয়া খালের কাহিনি নয়, এটি আমাদের একটি বড় বার্তা দেয়।
তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক ও প্রকৃতিপ্রেমী। এই বইতে তিনি আমাদের দেখিয়েছেন ঢাকার হারিয়ে যেতে বসা খাল আর জলাধারগুলোর বাস্তব চিত্র।
কেন এগুলো হারিয়ে যাচ্ছে, তার পেছনের কারণ, আর এতে কী ক্ষতি হচ্ছে, আর আমাদের করণীয় কী- তা সহজভাবে তুলে ধরা হয়েছে।
এই বইতে গবেষণা, ব্যক্তিগত অনুভব আর মাঠের অভিজ্ঞতা মিশিয়ে তিনি অতীত, বর্তমান আর ভবিষ্যতের একটা স্পষ্ট ছবি আঁকেন। তিনি বোঝাতে চেয়েছেন, আমরা চাইলে আবারও পানির সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে তুলতে পারি।
তিনি খাল-জলাধার-জলাভূমির সংরক্ষণের গুরুত্ব আর পরিবেশবান্ধব নগর পরিকল্পনার কথা বলেছেন।
এই বই কেবল পরিকল্পনাবিদ বা পরিবেশবিদদের জন্য নয়—এটি প্রতিটি সচেতন নাগরিকের জন্য, যারা চান একটি সুন্দর, পরিবেশবান্ধব, ও টেকসই ঢাকা; যার পরিকল্পনা হবে জলাশয়-জলাভূমিকে কেন্দ্রে রেখেই।
হেলিমুল আলম তার আগের বই ‘নগরায়নের বিস্তারে হারানো নীড় : ঢাকার হারিয়ে যাওয়া পুকুরসমূহের গভীর অনুসন্ধান’ (২০২৩)-এও ঢাকার পুকুরগুলোর বেহাল অবস্থার চিত্র দেখিয়েছিলেন।
এই নতুন বইটিও সেই ধারারই অংশ, যেখানে তিনি তুলে ধরেছেন ঢাকার খাল ও জলাধার কেন হারিয়ে যাচ্ছে, এতে কী ক্ষতি হচ্ছে, আর এর জন্য আমরা আজ কী সমস্যার মুখে আছি।
বইটি শুধু সমস্যা বলেই থেমে নেই—এখানে রয়েছে বাস্তবসম্মত সমাধানও।
কীভাবে হারানো খালগুলো ফিরিয়ে আনা যায়, কীভাবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা যায়, আর কীভাবে পরিকল্পিতভাবে শহর গড়া যায়— এসব বিষয়ের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন গবেষণা আর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এখানে এমন কিছু পরামর্শ আছে, যা নীতিনির্ধারক থেকে শুরু করে সাধারণ মানুষ, সবারই কাজে লাগবে।
ঢাকা যখন প্রতিদিনই বড় হচ্ছে, তখন এই বই আমাদের সতর্ক করে দেয় এবং করণীয়ও দেখায়। এটি বলছে, শহর গড়ার পরিকল্পনায় পানিকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা সঠিক পথে এগোই, তবে আমরা ঢাকার হারানো খাল ফেরাতে পারব, জলাবদ্ধতা কমাতে পারব, আর একটি প্রকৃতির সঙ্গে মিল রেখে গড়ে ওঠা শহর বানাতে পারব।
বিশ্বের অনেক শহর যখন বুঝতে শুরু করেছে—পানির সঙ্গে মিলে চলা দরকার, তখন এই বই আমাদের চোখ খুলে দেয়। এটি আমাদের নতুন করে ভাবতে শেখায়, পানি আমাদের শত্রু নয়— এটি আমাদের জীবন, আমাদের শহরের টিকে থাকার ভরসা।
আমি আশা করি, এই বইটি ঢাকাকে বাসযোগ্য ও পানিবান্ধব শহর হিসেবে গড়ে তোলার জন্য অর্থবহ আলোচনার পথ তৈরি করবে।
ড. আদিল মুহাম্মদ খান
সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি);
পরিচালক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি);
অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

