পরপর কয়েকটি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনী অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
যে কোনও সময় এই অভিযান শুরু হতে পারে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একাদশ সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্য লিখে এনে পড়ে শোনান।
আইন-শৃঙ্খলার অবনতিকর পরিস্থিতির দিকটি দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তাতে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
“এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অভ্যন্তরীণ তদন্তের পর ঘটনা সংশ্লিষ্ট অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।”
“পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনেও সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ অভিযান বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
কবে নাগাদ এই বিশেষ অভিযান শুরু হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
এক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে কোনও ধরনের ছাড় দেওয়া হচ্ছে না বলে জানান সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর।
তিনি বলেন, “রাজনৈতিক পরিচয় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনও অপরাধীকে পুলিশ প্রশ্রয় দেবে না।”
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনা খুবই একটা দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।”
এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলার কথা জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “সেনাবাহিনী, র্যাব, পুলিশ ১৯ জন আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে।”
এই হত্যাকাণ্ড ঠেকানোর ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনও শিথিলতা ছিল কি না, তাও সরকার গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে বলে তিনি জানান।
খুলনায় বিএনপিকর্মী হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যে কোনও বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



