Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে কমল এক টাকা

ঢাকার একটি পেট্রোল পাম্প থেকে তোলা ছবি - সকাল সন্ধ্যা
ঢাকার একটি পেট্রোল পাম্প থেকে তোলা ছবি - সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ডিজেল, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়েছে। পরপর দুই মাস অপরিবর্তিত রাখার পর মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়েছে সরকার।

বুধবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে মে মাসের জন্য এই দর নির্ধারণ করে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিন প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার।

পরের দুই মাস অর্থাৎ মার্চ ও এপ্রিলে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি।

এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করবে। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনও কোনও মাসে অপরিবর্তিত রাখা হয়েছে। আবার কোনও কোনও মাসে বেড়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।

নতুন দাম ১ মে থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত