সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
তার নামে কুড়িগ্রামে থাকা ১৩৭ শতক জমি জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে তার চার কোটি ৬৭ লাখ টাকা রয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মিনহাজ বিন ইসলাম তার এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
জাকির হোসেনের বিরুদ্ধে করা আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ জানুয়ারি মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায় জাকির হোসেনের বিরুদ্ধে মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত জরুরি।
আবেদনে আরও বলা হয়, জাকির হোসেনের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা আবশ্যক।
গত ২১ জানুয়ারি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন।
তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮১০ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধ করেছেন।
প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরিফা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারি পরিচালক মিনহাজ বিন ইসলাম।
আরিফা জামানের আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান করার পরে মামলা দায়েরের পরবর্তীতে আরিফা জেসমিনের বিরুদ্ধে দুদক ১২ ডিসেম্বর মামলা দায়ের করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত জরুরি।
পরিবারসহ নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মা আমিনা আহমেদ, দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদসহ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
এদিন মামলাটির অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জেমকন গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক জালিয়াতি ও অন্যান্য দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।



