কক্সবাজার-২ (মহেশখালী কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও তার স্ত্রী সাহেদা নাসরীন এবং মহেশখালী পৌরসভা সাবেক পৌর মেয়র মকছুদ মিয়া ও তার স্ত্রী সর্জিনা আকতারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, মদের বার, ইয়াবা ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান কার্যক্রম চলছে। এসব বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুই সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ও তাদের পোষ্যরা জ্ঞাত আয়বহির্ভূত টাকা/অন্য অস্থাবর সম্পদসহ আত্মগোপন করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনও মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের বিদেশ যাওয়া ঠেকানো দরকার।
স্ত্রীসহ নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক রেজাউল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রেজাউল হক ও তা স্ত্রীর তুহিন আরা বেগম এবং মোল্যা রাশেদ খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে একই আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সপরিবারে গোপনে দেশত্যাগের প্রচেষ্টা চালাচ্ছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পাওয়া যাবে না। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।



