রাজধানী ঢাকার পল্টনের মহাসমাবেশে গণঅধিকার পরিষদকর্মীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মামলায় শনিবার (২১ জুন) ঢাকা মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকেও রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে।
২০২৩ সালের ২৮ অক্টোবরের ওই মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার অভিযোগে পল্টন মডেল থানায় করা ওই মামলায় গত ১৮ জুন তাদের তিন দিন রিমান্ড মঞ্জুর করে ঢাকার একটি আদালত।
রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক বিমান তরফদার। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করে।
আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গত ২৭ অক্টোবর গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ১৮ নভেম্বর রাজধানীর নিজ বাসা থেকে বাবুল চাখারীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গুম, খুন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পল্টনে মহাসমাবেশ আয়োজন করা হয়। বিএনপি ও গণঅধিকার পরিষদসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল এই মহাসমাবেশের ডাক দেয়। এতে ভুক্তভোগী বদরুল ইসলাম সায়মন অংশ নেন। শান্তিপূর্ণ সমাবেশে আসামিরা অতর্কিত হামলা করে। আসামিদের এলোপাতাড়ি গুলিতে সায়মন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গত ২৯ এপ্রিল সায়মন বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানা হত্যাচেষ্টা মামলাটি করেন। মামলায় গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।



