দেশত্যাগে নিষেধাজ্ঞার একদিন পর বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ হান্নানের জমিসহ ৩টি ফ্ল্যাট জব্দ ও ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।
জব্দ সম্পদের মধ্যে রয়েছে, খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের ২টি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের ১টি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মানাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি ২ দলীলের জমি।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে উপপরিচালক তানজির হাসিব সরকার জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান ও এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানের সময় দেখা যায়, শেখ আব্দুল হান্নান ক্ষমতায় অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে। স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সম্পদ পাওয়া দুরুহ হবে। তাই জরুরি ভিত্তিতে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে, গত ৫ মে পরিবারসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয় একই আদালত।
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে ঢাকাতে থাকা দুইটি ফ্ল্যাট জব্দ ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৬ মে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।
জব্দ হওয়া সম্পদের মধ্য রয়েছে, রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজের গাড়ি পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা। এছাড়াও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাব। এসব হিসাবে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. রুহুল হক জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে।
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ডিএমপি ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার ও নিকট ঘনিষ্ঠ আত্মীয়ের নামে দেশে বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালে জানা গেছে যে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।
এর আগে, একই আদালত গত ২৪ এপ্রিল তার একটি ফ্ল্যাট ও ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দেয়।
রাজশাহীর দুই সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং একই জেলার তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেয়।
দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি আলাদা দুই আবেদনে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
তাদের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির মামলা চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।



