নিজেদের দাবি আদায়ে চলমান চলমান রমজান মাসে কাউকে সড়ক অবরোধ না করতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবিাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামনেই দেশের মুসলমানদের বড় ধর্মীয় উৎসব রোজার ঈদ। এই উৎসবকে সামনে রেখে রোজার মাসে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বেড়ে যায়। তাছাড়া পরিবর্তিত অফিস সময়ে কাজ শেষ করে মানুষ পরিবারের সঙ্গে ইফতার করতে বাড়িতে ছুটে যায়। স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কগুলোয় যানবাহনের পরিমাণ বেশি থাকে। যেহেতু অল্প সময়ে বেশি যানবাহন ব্যবস্থাপনা করতে হয় তাই ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
গত কিছুদিন ধরে কিছু ‘স্বার্থান্বেষী মহল’ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি।
এ অবস্থায়, নগরবাসীর সুবিধার্থে রোজার বাকি দিনগুলোয় রাস্তা-ঘাট অবরোধ করে ‘অহেতুক জনভোগান্তি’ তৈরি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।



