Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ডেঙ্গু : আরও ৩ জনের মৃত্যু, ভর্তি রোগী ছাড়াল ২৯ হাজার

dengue2
[publishpress_authors_box]

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা কয়েকদিন কিছুটা কমলেও ফের বাড়ছে। সেইসঙ্গে হচ্ছে মৃত্যুও।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৪১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আগেরদিন অধিদপ্তর ৪৩০ জন ভর্তি হওয়ার কথা জানিয়েছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিনদিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর তথ্য দিচ্ছে অধিদপ্তর। এর আগে রবিবারে একজন; তার আগেরদিন শনিবার চারজনের মৃত্যুর খবর দেয় অধিদপ্তর।

সর্বশেষ হাসপাতালে ভর্তি ৪১২ জনকে নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হলো আট হাজার ৬৪ জন। আর চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগী সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগী ২৯ হাজার ৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় যে ৪১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, ১০২ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে চারজন আর রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন।

অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর সবচেয়ে বেশি ঙ্গেু রোগী ভর্তি হয়েছে জুলাই মাসে, ১০ হাজার ৬৮৪ জন। এছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়।

ডেঙ্গুতে সর্বশেষ তিনজনকে নিয়ে চলতি মাসে মৃত্যু হলো ৩৫ জনের; আর চলতি বছর ১১৮ জনের।

গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ছিল একজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ছিল দুইজন। তাদের মধ্যে ৬২ বছরের এক পুরুষ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুইজন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের একজন ৪৫ বছর বয়সী নারী, অপরজন ৫০ বছর বয়সী পুরুষ।

অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১৮ জনের মধ্যে ৬৭ জন পুরুষ; ৫১ জন নারী।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আগস্টের ২৫ দিনে ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যায়। মার্চ মাসে কোনও রোগীর মৃত্যু হয়নি।

২০০০ সালে দেশে ডেঙ্গুর তথ্য রাখতে শুরু করে সরকার। সে বছরে রোগী ছিল ৫ হাজার ৫৫১ জন। এই রোগে ২০২৩ সালে সর্বোচ্চ রোগীর সঙ্গে সর্বোচ্চ মৃত্যুও দেখে বাংলাদেশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন; তার মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত