Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
Beta
বুধবার, ৩ জুন, ২০২৬

লাইসেন্স পেল সম্মিলিত ইসলামী ব্যাংক, চেয়ারম্যান আইয়ুব মিয়া

merger-bank
[publishpress_authors_box]

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত আলোচিত সম্মিলিত ইসলামী ব্যাংককে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য পরিচালকেরাও উপস্থিত ছিলেন।

নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া।

আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়াহ্ভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে নতুন এ ব্যাংক গঠিত হচ্ছে। নতুন ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধ মূলধন নিয়ে যাত্রা শুরু করবে। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হবে।

এ ছাড়া সরকারি তহবিল এই ব্যাংকে রাখা হবে। একই সঙ্গে আকর্ষণীয় মুনাফা দিয়ে সাধারণ আমানতকারীদের অর্থ রাখাতে উদ্বুদ্ধ করা হবে। সেই সঙ্গে ঋণ আদায়সহ বিভিন্নভাবে তারল্য প্রবাহ বাড়ানো হবে।

কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, লেটার অব ইনটেন্ট এর শর্ত মোতাবেক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এ নিবন্ধিত হয়েছে এবং ব্যাংকটির পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত ৩৫ হাজার কোটি টাকার মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

“ব্যাংক একীভূত হওয়ার পর দুই লাখ টাকা পর্যন্ত আমানত ‘শিগগিরই’ পরিশোধ করা হবে। এর চেয়ে বেশি অঙ্কের অর্থ পরিশোধে স্কিম প্রকাশ করা হবে।”

আর্থিক সংকটে ডুবতে বসা এই পাঁচ ব্যাংকে একীভূত করতে ইতোমধ্যে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন প্রক্রিয়া শেষে গত ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ ও ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করলে পাঁচ ব্যাংককে ধীরে ধীরে আত্মীকরণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি থাকবে রাষ্ট্রীয় মালিকানায়। পরে পর্যায়ক্রমে বেসরকারি খাতে মালিকানা হস্তান্তর করা হবে। এই পুরো প্রক্রিয়া সেরে ব্যাংকটি বেসরকারি খাতে দিতে পাঁচ বছরের মত সময় লাগতে পারে বলে সরকার ধারণা করছে।

সরকার আশ্বাস দিয়েছে, ব্যাংকগুলো একীভূত করার ফলে কর্মীদের কেউ চাকরি হারাবেন না; কোনো আমানতকারীও তার আমানত হারাবেন না।

তবে পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ সব ধরনের সুবিধা ইতোমধ্যে কমানোর উদ্যোগ নিয়েছেন প্রশাসকরা।

জানা গেছে, নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যুর পর একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে চলতি সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একটি স্কিম কর্মসূচি ঘোষণা করতে পারে। সেখানে আমানতকারী ব্যক্তিরা কীভাবে টাকা তুলতে পারবেন, তার বিস্তারিত উল্লেখ করা হবে। শুরুতে আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। বাকি টাকা ধাপে ধাপে তুলতে পারবেন আমানতকারী ব্যক্তিরা। কোন উপায়ে টাকা তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে—এই স্কিমে তার বিস্তারিত ঘোষণা থাকবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য প্রাথমিকভাবে রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে একটি কার্যালয় নেওয়া হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাবও খোলা হয়েছে। শিগগিরই পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫টি ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর জমা আছে ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা। বিভিন্ন উপায়ে ঋণের বেশির ভাগ বের করে নিয়েছেন এস আলম, নাসা, বেক্সিমকো, সিকদারসহ কয়েকটি গ্রুপ। ফলে বর্তমানে এসব ব্যাংকের ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা মিলে একটি বা দুটি করা হবে। ব্যাংকগুলোর পরিচালন খরচ কমাতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found