সভাপতি সনজীদা খাতুন চিরবিদায় নেওয়ার পর প্রথম বর্ষবরণের আয়োজন করতে যাচ্ছে ছায়ানট। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক হয়েছে- ‘আমার মুক্তি আলোয় আলোয়’।
শুক্রবার ঢাকার ধানমণ্ডির ছায়ানট ভবনে সংবাদ সম্মেলন করে পহেলা বৈশাখের আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। রবিঠাকুরের ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি দিয়ে শুরু হয় সংবাদ সম্মেলন।
ছায়ানটরে নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, “ছায়ানটের সভাপতি সংগীতজ্ঞ সন্জীদা খাতুন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তার দেখিয়ে যাওয়া পথ ধরে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি, তবেই তার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।”
গত শতকের ষাটের দশকে পাকিস্তান সরকার যখন রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করেছিল, বাঙালির আত্মপরিচয় মেলে ধরতে তখন রমনায় ছায়ানটের উদ্যোগে শুরু হয়েছিল বৈশাখ বরণের অনুষ্ঠান।
ছায়ানটের শুরুর উদ্যোক্তাদের অন্যতম সনজীদা খাতুনের অংশগ্রহণ ও নির্দেশনায় প্রতিবারই হতো বর্ষবরণের এই আয়োজন। গত ২৫ মার্চ মারা যান তিনি।
ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজনের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক লাইসা আহমদ বলেন, “বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।”
তিনি জানান, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ।
ডা. সারওয়ার আলী বলেন, “ছায়ানটের এই প্রভাতি অনুষ্ঠান কেবল নিছক এক দিনের জন্য বাঙালি হয়ে ওঠার বিষয় নয়। ছায়ানট মনে করে এই অনুষ্ঠানের গান ও পাঠের আবহের মধ্য দিয়ে প্রত্যেকের মনে বাঙালি জাতিসত্তার উন্মেষ হবে। সব কলুষতা দূর করে মানুষ হয়ে ওঠার সাধনায় প্রেরণা জোগাবে।”
ছায়ানটের গত বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- ‘দূর করো আত্মকেন্দ্রিকতা, আপনি জ্বালো এই তো আলো’। এর মধ্যদিয়ে ভোগবাদ নয়, স্বার্থপরতা নয়, মনুষ্যত্বকে কাছে পাওয়ার আহ্বান জানিয়েছিল অর্ধ শতক পেরিয়ে আসা সংগঠনটি।
বরাবরের মতো এবারও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন সারওয়ার আলী।
প্রায় দুই ঘণ্টার এ আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পাতাসহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায় উপস্থিত ছিলেন।
সনজীদা খাতুনের ছেলে পার্থ তানভীর নভেদ জানান, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা নিয়ে তাদের কোনও উদ্বেগ নেই।



