Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’

india bd border
[publishpress_authors_box]

বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’(অপারেশন অ্যালার্ট) জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিএসএফ জানিয়েছে, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ‘অপ্‌স অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে।

এই সময়ে দেশটির উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে। এ ছাড়া, সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার নিশ্চিত করেছে, ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে বিএসএফের এই ‘অপস অ্যালার্ট’ থাকবে।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত বেড়া নির্মাণের প্রস্তুতি নিলে এসব স্থানে উত্তেজনা তৈরি হয়। বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও দুই দেশের স্থানীয়দের মধ্যে তৈরি হয় উত্তেজনা ও উৎকণ্ঠা। সামাজিক যোগাযোগমাধ্যমও সরগরম হয়ে ওঠে ইস্যুটি নিয়ে। এই পরিস্থিতিতেই বাংলাদেশ সীমান্তে ‘অপ্‌স অ্যালার্ট’ জারি করল বিএসএফ।

বিএসএফের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় ৭৬তম সাধারণতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার পুরোটাতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে বা পরে সীমান্তের পরিস্থিতি খারাপ করার জন্য বাংলাদেশ থেকে উস্কানি আসতে পারে। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভাল করে বোঝাতে হবে।

নিরাপত্তা নিশ্চিতে সীমান্তের দায়িত্বে থাকা সবগুলো বর্ডার আউটপোস্টকে সতর্ক করা হয়েছে। ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে বাড়তি সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই কয়েক দিন সীমান্তে বার বার মহড়া চালাবেন জওয়ানেরা। প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত