Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের প্রথম পদক

k9
[publishpress_authors_box]

এশিয়ান যুব গেমসে ইতিহাস গড়ল বাংলাদেশ! এই গেমসে দেশকে প্রথম পদকে এনে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল।

আজ বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক।

এক যুগ পর হতে যাওয়া যুব এশিয়ান গেমসের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। এই গেমসে ২৫ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ১৩ টিতে অংশগ্রহণ করবে। উদ্বোধনের আগেই একটি পদক নিশ্চিত করল বাংলাদেশ।

আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুচল। মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চারে থাকা দলগুলোর পদক নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করলো বাংলাদেশের মেয়েরা।

বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২৫-১৮ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। প্রথমার্ধে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত বাজিমাত করে বাংলাদেশ।

এর আগে ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করল ব্রোঞ্জ। বালক কাবাডিতে খেলছে ৭ দল। বাংলাদেশ এরই মধ্যে শ্রীলঙ্কা ও ইরানকে হারিয়েছে। সেরা চারে থেকে পদক জয়ের সম্ভাবনা আছে ছেলেদেরও। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত