হামজা চৌধুরী আসার পর জোয়ারই লেগেছে বাংলাদেশের ফুটবলে। সেই জোয়ারে নতুন ঢেউ লেগেছে শমিত সোমের বাংলাদেশের জার্সিতে খেলার ছাড়পত্র পাওয়ার পর। ১০ জুন নতুন সাজের ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য তাই চলছে টিকিটের জন্য হাহাকার।
ক্রিকেটের অনুকরণে এবারই প্রথম অনলাইনে টিকিট ছেড়েছে বাফুফে। অথচ টিকিট ছাড়ার কিছুক্ষণ পরই অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ হয়েছে সাইবার হামলা। মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ঢুকতে পারছেন না সেই ওয়েবসাইটে।
ফুটবলের প্রতি এমন উন্মাদনই তো দেখতে চেয়েছিল বাফুফে। এই ফুটবল জোয়ার কাজে লাগিয়ে টিকিটের দাম বাড়িয়ে ফেলেছে তারা। সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করা হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে। অথচ সর্বনিম্ন টিকিটের দাম ৪০০ টাকা! সর্বোচ্চ ৫ হাজার টাকা দামের টিকিট তো আছেই।

টিকিটের এই বাড়তি দাম মানতে পারছেন না স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় শেখ আশরাফ আলী। বাংলাদেশে স্বাধীন হওয়ার পর প্রথম গড়া জাতীয় দলে ছিলেন তিনি। বাংলাদেশ ১৯৭৩ সালে এক প্রীতি ম্যাচে হারিয়েছিল সিঙ্গাপুরকে, যা আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের প্রথম জয়। সেই ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন প্রয়াত ফুটবলার নওশেরুজ্জামান। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছিলেন শেখ আশরাফ আলীও।
আশরাফ আলী এবার দেশের মাটিতে বাংলাদেশ-সিঙ্গাপুরের খেলা নিয়ে রোমাঞ্চিত। তবে বাড়তি টিকিটের দামে ‘সকাল সন্ধ্যা’কে দেওয়া সাক্ষাৎকারে হতাশা লুকালেন না ৫২ বছর আগে সিঙ্গাপুরকে হারানো সেই ম্যাচের খেলোয়াড়টি, ‘‘সর্বনিম্ন টিকিটের দাম ৪০০ টাকা কেন হবে? একজন ফুটবলপ্রেমী সাধারণ ছাত্র বা একাডেমিতে খেলা তরুণ এত টাকা পাবে কোথায়? অথচ ভবিষ্যতে বড় ফুটবলার হওয়ার স্বপ্নে তারা মাঠে বসে খেলা দেখতে চায়। তাদের সুযোগ করে দেওয়াটা জরুরিও। বাফুফের এটা ভাবা উচিত ছিল, সব সময় ব্যবসার কথা ভাবা ঠিক নয়।’’
দেশের মাটিতে সর্বশেষ ম্যাচের টিকিটের দাম
| খেলা | বিপক্ষ | ভেন্যু | সর্বনিম্ন টিকিট |
| ফুটবল, প্রীতি ম্যাচ | মালদ্বীপ | কিংস অ্যারেনা, ২০২৪, নভেম্বর | ৩০০ টাকা |
| ফুটবল, বিশ্বকাপ বাছাই | অস্ট্রেলিয়া | কিংস অ্যারেনা, ২০২৪, জুন | ৩০০ টাকা |
| ক্রিকেট, টেস্ট | জিম্বাবুয়ে | সিলেট, ২০২৫, এপ্রিল | ৫০টাকা |
| ক্রিকেট, ওয়ানডে | শ্রীলঙ্কা, | চট্টগ্রাম, ২০২৪, মার্চ | ২০০ টাকা |
| ক্রিকেট, টি-টোয়েন্টি | জিম্বাবুয়ে | মিরপুর, ২০২৪, মে | ২০০ টাকা |
ক্রিকেটের তিন ফরম্যাট আর আন্তর্জাতিক ফুটবলে দেশের মাটিতে সর্বশেষ খেলা ম্যাচের তুলনাতেও সিঙ্গাপুর ম্যাচের টিকিটের দাম বেশি। গত বছরের জুনে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ খেলেছিল কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিন ক্যাটাগরিতে বিক্রি হয়েছিল টিকিট, যার সর্বনিম্ন দাম ছিল ৩০০ টাকা।
ভিআইপি ক্যাটাগরি ৮০০, ক্যাটাগরি-১ এর মূল্য ৫০০ আর ক্যাটাগরি-২ এর টিকিটের মূল্য ছিল ৩০০ টাকা। একই মাঠে গত বছরের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে টিকিটের দামও ছিল একই।

এবার দেখা যাক ক্রিকেটে টিকিটের দাম। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি আর শ্রীলঙ্কার সঙ্গে খেলা সর্বশেষ ওয়ানডেতে সবচেয়ে কম দামের টিকিট ছিল ২০০ টাকার। আর গত মাসে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টেস্টের টিকিট পাওয়া গেছে ৫০ টাকাতেও।
টিকিটের দাম নির্ধারণে তাই দেশের আর্থসামাজিক ব্যবস্থা দেখাটা জরুরি মনে করেন আশরাফ আলী। সাধারণ ফুটবলপ্রেমী তরুণদের খেলা দেখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। দেশের এই সাবেক ফুটবলার মনে করেন, “বড়লোকদের জন্য দুই হাজার, পাঁচ হাজার টাকার টিকিট তো আছে। তাহলে গ্যালারির টিকিটের মূল্য বড় জোড় দুই শত টাকা হতে পারতো।”



