কাশ্মীরের পহেলগামে পর্যটকদের হত্যাকারী এবং হামলার পেছনে যারা ছিলেন তাদের ভারত ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিহারে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, হামলাকারীদের এমন সাজা দেওয়া হবে যা তাদের কল্পনাতেও নেই।
বক্তব্যে দেশবাসীকে আশ্বাস দেওয়ার পাশাপাশি হামলার পর ভারতের পাশে দাঁড়ানো বিশ্বনেতাদের উদ্দেশেও বার্তা দেন তিনি।
তাদের উদ্দেশে নরেন্দ্র মোদী ইংরেজিতে বলেন, “বিহারের মাটি থেকে আমি পুরো বিশ্বকে বলছি- ভারত প্রত্যেক সন্ত্রাসীকে এবং যারা তাদের সমর্থন করছে, তাদের চিহ্নিত করবে এবং সাজা দেবে। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে হলেও তাদের খুঁজে বের করা হবে।”
সন্ত্রাসবাদ কখনোই ভারতের মনোবল ভাঙতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, “ন্যায়বিচারের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। যারা মনুষ্যত্বে বিশ্বাস করে, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন।”
গত মঙ্গলবার দুপুরে পহেলগামের বৈসরণ উপত্যকায় ঘুরতে যাওয়া পর্যটকদের লক্ষ্য করে গুলি ছোড়ে একদল বন্দুকধারী। এতে দুই বিদেশিসহ ২৬ জনের মৃত্যু হয়। আহত হয় ২০ জনের বেশি মানুষ।
পহেলগামে পর্যটকদের ওপর ওই হামলার পর বৃহস্পতিবার জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি হিন্দিতে বলেন, “জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীরা নিরাপরাধ দেশবাসীদের যে নির্মমতার সঙ্গে হত্যা করেছে, তাতে পুরো দেশ ব্যথিত।
“আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই হামলা করেছে সেই সন্ত্রাসীরা এবং এই ষড়যন্ত্রের পরিকল্পনাকারীরা তাদের কল্পনার চেয়ে বড় সাজা পাবে।”



