২০২৪ সাল ছিল টি-টোয়েন্টির বছর। কারণ গত বছরেই ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কুড়ি ওভারের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জিতেছে ভারত। বর্ষসেরা দল করলে তাদের খেলোয়াড় সংখ্যাই বেশি হওয়ার কথা। আইসিসির বর্ষসেরা একাদশে সেটিরই ছাপ। টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন ভারতের আর্শদীপ সিং।
আইসিসি আগেই বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা চারজনকে নাম প্রকাশ করেছিল। সেই তালিকায় থাকা পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন আর্শদীপ।
From rising talent to match-winner, Arshdeep Singh excelled in 2024 to win the ICC Men's T20I Cricketer of the Year award 🌟 pic.twitter.com/iIlckFRBxa
— ICC (@ICC) January 25, 2025
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাঁহাতি পেসার। পাওয়ার প্লে ও ডেথ ওভারগুলোতে ভীষণ কার্যকরী ছিলেন আর্শদীপ। ভারতের বিশ্বকাপ জয়ের পথে তিনি নিয়েছিলেন ১৭ উইকেট। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।
বলার অপেক্ষা রাখে না আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে আর্শদীপ থাকবেন। তিনিসহ একাদশে জায়গা পেয়েছেন ভারতের চারজন। বাকিরা হলেন- রোহিত শর্মা, যিনি এই দলের অধিনায়কও; আরও আছেন হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরা।
Congratulations to the elite players selected for the ICC Men’s T20I Team of the Year 2024 🙌 pic.twitter.com/VaPaV6m1bT
— ICC (@ICC) January 25, 2025
একাদশে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে রয়েছেন ট্রাভিস হেড। ওয়ান ডাউনে ফিল সল্টের পর বাবর আজম। মিডল অর্ডারের জায়গা পূরণ করেছেন নিকোলাস পুরান, সিকান্দার রাজা ও হার্দিক পান্ডিয়া। দুই স্পিনার- রশিদ খান ও ভানিন্দু হাসারাঙ্গা। আর দুই বিশেষজ্ঞ পেসার বুমরা ও আর্শদীপ।
বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান (উইকেটকিপার), সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, ভানিন্দু হাসারাঙ্গা, জসপ্রিস বুমরা, আর্শদীপ সিং।



